বরিশাল: জেলার মেহেন্দীগঞ্জে মাকে লোহার শাবল দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।
উপজেলার কাজিরহাটে ছেলের বিরুদ্ধে লোহার শাবল দিয়ে মাথায় আঘাত করে তার মা নিরু বেগমকে(৫৫) হত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার ভাসানচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাজিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মায়ের নাম নিরু বেগম (৫৫)। তিনি ওই গ্রামের রহিম ফকিরের স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত ছেলে রবিউল ফকির (২৩)-কে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে মায়ের কাছে টাকা চান রবিউল। টাকা না পেয়ে একপর্যায়ে মায়ের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এর জেরে লোহার শাবল দিয়ে মায়ের মাথায় আঘাত করেন তিনি। এতে ঘটনাস্থলেই নিরু বেগমের মৃত্যু হয়। এ সময় বাবাকেও মারধর করেন রবিউল। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন।
ভাসানচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মো. খোকন মাতুব্বর বলেন, ‘রবিউল কৃষিকাজ করেন এবং দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য মায়ের সঙ্গে বিরোধের একপর্যায়ে শাবল দিয়ে আঘাত করেন তিনি। পরে স্থানীয়রা নিরু বেগমকে উদ্ধার করে দফাদারহাটের মেডিফাস্ট ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।’
তিনি আরও বলেন, ‘রবিউল তার বাবাকেও মারধর করেন। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে রাখেন। খবর পেয়ে কাজিরহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।’
কাজিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, ‘টাকার জন্য রবিউল ফকির তার মা নিরু বেগমের মাথায় লোহার শাবল দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত রবিউলকে আটক করেছে।’
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।