ঢাকা: দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামীণ ব্যাংকের ১০৪টি শাখা ও কার্যালয়। ফলে নিরাপত্তাঝুঁকির কারণে সাময়িকভাবে বন্ধ রয়েছে ২৯টি শাখার কার্যক্রম। এতে ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রমের পাশাপাশি গ্রাহকসেবা ও ঋণ বিতরণ ব্যাহত হচ্ছে।
বিশেষ করে বোরো মৌসুমের কৃষিঋণ এবং আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে গবাদিপশু পালন ও মোটাতাজাকরণে ঋণ নিতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন সংশ্লিষ্ট এলাকার গ্রাহকরা। এ পরিস্থিতিতে ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারী, সদস্য ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা চেয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সাম্প্রতিক দেশের বিভিন্ন স্থানে কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের স্থাপনায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এ সব ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অবকাঠামো ও স্বাভাবিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি গ্রাহকসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে গ্রামীণ ব্যাংকের বেশ কয়েকটি শাখা ও কার্যালয় ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রতিষ্ঠানটির দৈনন্দিন কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।
তথ্যানুযায়ী, গত ১০ নভেম্বর থেকে দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ে ধারাবাহিকভাবে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। সর্বশেষ ২৫ নভেম্বর পর্যন্ত বিভিন্ন জেলার ১০৪টি শাখা ও কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ঘটনায় ব্যাংকের অবকাঠামো, আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্রসহ বিভিন্ন সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারী ও ব্যাংকের সদস্যদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। নিরাপত্তাজনিত কারণে ১০ নভেম্বর থেকে ২৯টি শাখার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক গ্রামীণ ব্যাংকের কার্যক্রমের ব্যাপ্তি তুলে ধরে বলা হয়, প্রতিষ্ঠানটির ৯০ শতাংশ মালিকানা ঋণগ্রহীতা-শেয়ারহোল্ডারদের এবং বাকি ১০ শতাংশ সরকারের। দেশের ৬৪ জেলায় ২ হাজার ৫২৮টি শাখা, ২৬১টি এরিয়া অফিস, ৪০টি জোনাল অফিস এবং ৪০টি জোনাল অডিট অফিসের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে ব্যাংকটি। এ ছাড়া নিজস্ব ৬৭৭টি ভবন ও স্থাপনা রয়েছে প্রতিষ্ঠানটির।
ব্যাংকটির সদস্যসংখ্যা ১ কোটি ৬ লাখ ৭৩ হাজারের বেশি। দেশের ৮১ হাজার ৬৭৮টি গ্রামে বিস্তৃত তাদের কার্যক্রম। বর্তমানে গ্রামীণ ব্যাংকের মোট ঋণস্থিতি প্রায় ১৯ হাজার ২৯৮ কোটি টাকা। সদস্যদের আমানতের পরিমাণ প্রায় ২৫ হাজার ১১৫ কোটি টাকা। এ ছাড়া, বিভিন্ন ব্যাংক ও সরকারি ট্রেজারি বিলে প্রায় ১৫ হাজার কোটি টাকার তহবিল বিনিয়োগ রয়েছে।
বাংলাদেশ ব্যাংক বলছে, শাখার কার্যক্রম বন্ধ থাকায় শুধু নিয়মিত ব্যাংকিং সেবাই নয়, গ্রামীণ অর্থনীতির গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কর্মকাণ্ডও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে বোরো মৌসুমের ঋণ কার্যক্রম চলমান। কিন্তু যেসব শাখা সাময়িকভাবে বন্ধ রয়েছে, সেসব এলাকার গ্রাহকরা প্রয়োজনীয় ঋণসেবা পাচ্ছেন না। একইভাবে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে গরু মোটাতাজাকরণ ও পশুপালনের জন্য ঋণ গ্রহণেও সমস্যায় পড়ছেন সংশ্লিষ্ট সদস্যরা।
এতে এসব অঞ্চলে দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার কার্যক্রম ব্যাহত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ে সংঘটিত এসব ঘটনা প্রতিষ্ঠানটির সম্পদ ও স্বাভাবিক কার্যক্রমের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারী এবং সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে। একই সঙ্গে এর প্রভাব পড়তে পারে গ্রামীণ অর্থনীতি, আর্থিক অন্তর্ভুক্তি এবং প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক সেবা পাওয়ার ক্ষেত্রে।
এমন পরিস্থিতিতে ব্যাংকিং সেবা স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের প্রত্যাশা ব্যক্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক।