ঢাকা: দেশের বাজারে সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৩ টাকা বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা থেকে বেড়ে ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে বেড়ে ১৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে খোলা পাম তেলের দাম ১৬৬ টাকা অপরিবর্তিত রয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ১৫ টাকা করা হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বৃদ্ধি, আমদানি ব্যয় ও দেশের সরবরাহ পরিস্থিতি বিবেচনায় এ মূল্য সমন্বয় করা হয়েছে। সর্বশেষ গত ২ সেপ্টেম্বর ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছিল।
সভায় আসন্ন রমজানে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত ও সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি কৃত্রিম সংকট, অবৈধ মজুত এবং নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। এ জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।