Friday 27 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বেনাপোলে ২ শ্রমিক নেতার ওপর ককটেল হামলা, মামলা

লোকাল করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৬ ০৯:৫৫

বেনাপোল: যশোরের বেনাপোলে দুই শ্রমিক নেতার ওপর ককটেল হামলার ঘটনায় বিএনপির আট নেতা-কর্মীর নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে (২৬ নভেম্বর) বেনাপোল পোর্ট থানায় মামলাটি করেন ককটেল বিস্ফোরণে আহত তবিবুর রহমান তবি।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী বাবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বাদী তবিবুর রহমান তবি (৫০) বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি। তিনি বেনাপোল পৌরসভার ছোট আঁচড়া গ্রামের বাসিন্দা এবং শার্শা উপজেলার কণ্যাদহ গ্রামের আবু বক্কর ছিদ্দিকের ছেলে।

বিজ্ঞাপন

আসামিরা হলেন ছোট আঁচড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আশা (৩০), জামশের আলীর ছেলে বাবু (৩৫), ইসরাফিলের ছেলে চয়ন (২৭), মৃত হবি সরদারের ছেলে ইব্রাহিম (৪০) ও ইসরাফিল (৫৫), মৃত সোলেমান সরদারের ছেলে জামশের আলী (৬০), জামশের আলীর ছেলে বকুল (৩৫) এবং মৃত ছামাদের ছেলে আবদুল আহাদ (৬০)।

এজাহার সূত্রে জানা গেছে, মামলার আসামি আবদুল আহাদ বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার সাবেক কাউন্সিলর। ইসরাফিল সরদার বেনাপোল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। এ ছাড়া অন্য আসামিরাও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, তবিবুর রহমান তবির সঙ্গে স্থানীয় কয়েকজনের বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ২৪ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে তিনি সহযোগী লুকমান হোসেনকে (৫০) সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। ছোট আঁচড়া গ্রামে নিজের বাড়ির সামনে পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া আসামিরা তাদের পথরোধ করেন। এ সময় আবদুল আহাদের নির্দেশে আশা ও বাবু তাদের হত্যার উদ্দেশ্যে দুটি ককটেল নিক্ষেপ করেন। এর মধ্যে একটি ককটেল বিস্ফোরিত হলে তবিবুর রহমানের ডান পায়ের বিভিন্ন স্থানে এবং লুকমান হোসেনের বাম পায়ের বিভিন্ন স্থানে আঘাত লাগে। বিস্ফোরণে তাদের ব্যবহৃত কালো রঙের ইয়ামাহা মোটরসাইকেলটিও ক্ষতিগ্রস্ত হয়। এতে তাদের প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা বাদী ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি এবং প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নেতা মো. শহিদ আলী বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি অবিস্ফোরিত ককটেল ও বিস্ফোরিত ককটেলের কিছু অংশবিশেষ উদ্ধার করে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর