Friday 27 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশকে একদলীয় ও একমাত্রিক ইতিহাসে সীমাবদ্ধ করেছিল হাসিনা: রিজভী

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৬ ১৪:১৯

বক্তব্য দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশের ইতিহাসকে একদলীয় ও একমাত্রিক দৃষ্টিভঙ্গির মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করেছিল পতিত আওয়ামী লীগ সরকার ও দলটির নেত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে ‘৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য’ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশের ইতিহাস কোনো একটি দল বা ব্যক্তির ইতিহাস নয়। মহান মুক্তিযুদ্ধ, ৭ নভেম্বর, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং জুলাইয়ের গণঅভ্যুত্থান, সবই বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। একটি অধ্যায়কে বাদ দিয়ে দেশের পূর্ণাঙ্গ ইতিহাস রচনা সম্ভব নয়।’

বিজ্ঞাপন

রিজভী বলেন, ‘১৯৭১ সালের ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাদ দিয়ে ইতিহাস রচনার চেষ্টা করা হয়েছে। অথচ তার স্বাধীনতার ঘোষণা মানুষকে মুক্তিযুদ্ধে অংশ নিতে উদ্বুদ্ধ করেছিল। ইতিহাস থেকে তাকে মুছে ফেলার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি, কারণ ইতিহাসের সত্য কখনো মুছে ফেলা যায় না।’

তিনি আরও বলেন, ‘৭ নভেম্বরকে বাদ দিয়ে যেমন বাংলাদেশের ইতিহাস হতে পারে না, তেমনি ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনকেও বাদ দেওয়ার সুযোগ নেই। ওই আন্দোলনে ডা. শামসুল আলম খান মিলনের আত্মত্যাগ এবং আমানউল্লাহ আমান, খায়রুল কবির খোকন, নাজিমুদ্দিন আলম, হাবিব, মুস্তাফিজুর রহমান বাবুল ও লুৎফুর রহমানসহ ছাত্রনেতাদের ভূমিকা ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে।’ তার মতে, ১৯৯০ সালের গণতান্ত্রিক আন্দোলনের চেতনা পরবর্তী সময়ে জুলাইয়ের গণঅভ্যুত্থানকেও প্রভাবিত করেছে এবং স্বৈরশাসনের অবসান ঘটিয়ে জনগণের শাসন প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা পরবর্তী সংগ্রামগুলোতেও কাজ করেছে।

গণতন্ত্রকে সুসংহত করার প্রসঙ্গ টেনে রুহুল কবির রিজভী বলেন, ‘জুলাইয়ের অর্জনের মধ্য দিয়ে আমরা একটি নির্বাচিত সরকার পেয়েছি। তবে শুধু সরকার পেলেই হবে না, গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে সুসংহত করতে হবে।’ নির্বাচন কমিশন, বিচার বিভাগ ও গণমাধ্যমকে স্বাধীন, কার্যকর ও শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, ‘এসব প্রতিষ্ঠান যত শক্তিশালী হবে, দেশের গণতান্ত্রিক ভিত্তিও তত মজবুত হবে।’

১৯৯০ সালের আন্দোলনে অংশগ্রহণের স্মৃতিচারণ করে রিজভী জানান, ওই আন্দোলনে তিনি নিজেও সক্রিয়ভাবে রাজপথে ছিলেন এবং ৪৮ ঘণ্টার হরতাল চলাকালে তার শরীরে গুলি লাগে। একটি থ্রি-থ্রি বুলেট পেট দিয়ে ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে যাওয়ার ঘটনা তুলে ধরে তিনি বলেন, নব্বইয়ের গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে তার ব্যক্তিগত জীবন ও স্মৃতি গভীরভাবে জড়িয়ে রয়েছে। এরশাদের পতনের মধ্য দিয়ে অর্জিত গণতান্ত্রিক বিজয় তাকে পরবর্তী দীর্ঘ আন্দোলন-সংগ্রামেও অনুপ্রাণিত করেছে এবং সেই ধারাবাহিক সংগ্রামের মধ্য দিয়েই শেখ হাসিনার সরকারের পতন ঘটানো সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক খায়রুল কবির খোকন, পাবনা জেলা বিএনপির হাবিবুর রহমান হাবিব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবসহ অন্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাকসুর সাবেক ভিপি ও সংসদ সদস্য আমানউল্লাহ আমান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর