চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে লরির চাকায় পিষ্ট হয়ে শহিদুল আজম চৌধুরী (৫৫) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৫টার দিকে ডিপোর ভেতরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহিদুল চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গুনগরী এলাকার বাসিন্দা ও মো. মফজল আহমদ চৌধুরীর ছেলে। তিনি বিএম কনটেইনার ডিপোতে স্কেল এক্সিকিউটিভ পদে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ডিপোর ভেতরে অসাবধানতাবশত লরির চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন শহিদুল আজম। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন বলেন, ‘বিকেল সাড়ে ৫টার দিকে তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’
সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, ‘ডিপোর ভেতরে ফোনে কথা বলতে বলতে হাঁটার সময় দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত ব্যক্তি বিএম ডিপোতে কর্মরত ছিলেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, ২০২২ সালের ৪ জুন রাতে সীতাকুণ্ডের এই বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত ৫১ জন নিহত হন। তাদের মধ্যে ১৩ জন ছিলেন ফায়ার সার্ভিসের কর্মী।