Friday 27 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও একটি চালান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৬ ১৩:০২

ইউরেনিয়ামের চালান। ছবি: সংগৃহীত

পাবনা: কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার ঈশ্বরদীর রূপপুরে পৌঁছেছে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের নবম ও শেষ চালান।

শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫টা ৪৮ মিনিটে তিনটি বিশেষায়িত লরিতে করে ইউরেনিয়ামের চালান এলাকায় পৌঁছায়। এর মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দু’টি ইউনিটের জন্য নির্ধারিত নয়টি চালানে জ্বালানি আমদানির প্রক্রিয়া সম্পন্ন হলো।

রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত এই বিদ্যুৎকেন্দ্রে রয়েছে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুইটি ইউনিট। দুইটি ইউনিট পুরোপুরি চালু হলে জাতীয় গ্রিডে যুক্ত হবে ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ।

বিজ্ঞাপন

এদিকে, জ্বালানি আমদানির পাশাপাশি প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহও চলছে। গত ২৩ নভেম্বর দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরীক্ষা শুরু হয়।

এর আগে ১৭ নভেম্বর প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হয় রূপপুরের বিদ্যুৎ। ওই পরীক্ষায় সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছিল।

প্রকল্প-সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘ ১০ মাসের ট্রায়াল অপারেশন শেষে ধাপে ধাপে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।

সব মিলিয়ে ইউরেনিয়ামের শেষ চালান পৌঁছানোর মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আমদানির গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি হলো। এখন পূর্ণাঙ্গ উৎপাদনের অপেক্ষায় দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর