কুমিল্লা: কুমিল্লায় জেলা পুলিশের টানা ৭২ ঘণ্টার বিশেষ সাঁড়াশি অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭৮ জনসহ মোট ৪৯৬ জনকে আটক করা হয়েছে। গত ২৪ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত জেলার ১৮টি থানা ও জেলা গোয়েন্দা শাখা পুলিশের (ডিবি) সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে অপরাধে সম্পৃক্ততার অভিযোগ ও প্রাপ্ত তথ্য-উপাত্ত যাচাই-বাছাই শেষে ৩২৯ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপরদিকে, অপরাধের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় ১৬৭ জনকে পরিবারের জিম্মায় মুচলেকা নিয়ে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নিষিদ্ধ সংগঠনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধের পাশাপাশি কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী ও মাদকসেবী, ছিনতাইকারী, ডাকাতসহ বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়।
এ বিষয়ে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, ‘কুমিল্লা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং নিষিদ্ধ সংগঠনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান বজায় থাকবে। তবে কোনো নিরপরাধ ব্যক্তি যেন অযথা হয়রানির শিকার না হন, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদারকি করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং অপরাধমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে কুমিল্লা জেলা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।