ঢাকা: মহান বিজয়ের মাস উদ্যাপন উপলক্ষ্যে আগামী ১ ডিসেম্বর রাজধানী ঢাকার নয়াপল্টনে মাসব্যাপী বিজয় দিবস কর্মসূচির উদ্বোধনী সমাবেশের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে ঢাকা মহানগর ও ঢাকা জেলার বিএনপি এবং নবনির্বাচিত সংসদ সদস্য ও প্রার্থীদের সমন্বয়ে অনুষ্ঠিত এক যৌথ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে জরুরি ব্রিফিংকালে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
রিজভী জানান, ইতিপূর্বে উদ্বোধনী সমাবেশের বিষয়ে জানানো হলেও ভেন্যু চূড়ান্ত হওয়ার বিষয়টি পরবর্তীতে জানানোর কথা ছিল। আজকের যৌথ সভায় সর্বসম্মতিক্রমে নয়াপল্টনে এই উদ্বোধনী সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। ঢাকা মহানগরীর সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে এই কর্মসূচি সফল করা হবে।

যৌথ সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বাবু গয়েশ্বর চন্দ্র রায়, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমেদ এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগরের আহ্বায়ক আমান উল্লাহ আমান উপস্থিত ছিলেন।
এ ছাড়া ঢাকা মহানগর ও ঢাকা জেলার বিভিন্ন আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, প্রার্থী এবং স্থানীয় নেতৃবৃন্দ সভায় অংশ নিয়ে নিজ নিজ বক্তব্য তুলে ধরেন।
ব্রিফিংয়ের শেষ পর্যায়ে সভার নির্ধারিত সাংগঠনিক ও রাজনৈতিক কর্মসূচি সফলভাবে সম্পন্ন করার আহ্বান জানান অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।