ঢাকা: বিএনপি জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গণভোটের রায় অস্বীকার এবং ফ্যাসিবাদীদের লালন করার কারণে তারা আবারও ফিরে আসার পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ‘বিয়ন্ড ক্যাম্পাস: লিডিং টুমরো’ শীর্ষক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদের নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
ডা. শফিকুর রহমান বলেন, গণভোট হয়েছিল রাষ্ট্র সংস্কারের জন্য, আর সংসদ নির্বাচন হয়েছিল রাষ্ট্র পরিচালনার জন্য। দুটি প্রক্রিয়ায় সবাই অংশগ্রহণ করলেও একটি দল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গণভোটকে অস্বীকার করেছে। সেখান থেকেই সংকটের সৃষ্টি হয়েছে। একদিকে সংকট তৈরি করা, অন্যদিকে ফ্যাসিবাদীদের লালন করার কারণে তারা ফিরে আসার চেষ্টা করছে। তবে ২০২৪ সালে রক্ত দেওয়া যুবসমাজ বাংলার মাটিতে কোনো ফ্যাসিবাদকে ফিরতে দেবে না।
তিনি বলেন, জুলাইয়ের আন্দোলনের মধ্য দিয়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনের শৃঙ্খল ভেঙেছে তরুণসমাজ। কিন্তু ৫ আগস্টের পর অনেকের অবস্থানের পরিবর্তন হয়েছে। বর্তমানে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, দখলবাজি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি বেড়েছে। এমনকি অর্থ, স্বার্থ ও ভোটের বিনিময়ে ফ্যাসিবাদীদের কেউ কেউ আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন, যা শহীদ ও আহতদের সঙ্গে প্রতারণা।
ছাত্রসংসদের প্রতিনিধিদের উদ্দেশ্যে জামায়াত আমির বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা লড়াই করে ছাত্রসংসদ নির্বাচন আদায় করেছেন। নির্বাচিত প্রতিনিধিরা ক্যাম্পাসে শান্তি ও শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে ভূমিকা রেখেছেন। তিনি তরুণদের শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, তাঁর স্বপ্ন দেশের চার কোটি যুবককে নিয়ে। তরুণরা নেতৃত্বের আসনে বসবে, অভিজ্ঞরা তাদের সহযোগিতা করবেন। দলীয়করণের পরিবর্তে মেধাভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার পক্ষেও তিনি বক্তব্য দেন। একই সঙ্গে ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবার সমান নাগরিক ও মানবিক অধিকার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ডাকসু ভিপি আবু সাদিক কায়েম, রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জাকসু জিএস মাজহারুল ইসলাম, চাকসু জিএস ইব্রাহিম রনি ও জকসু ভিপি রিয়াজুল ইসলাম বক্তব্য দেন।
এতে জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ দলটির কেন্দ্রীয় ও ছাত্রশিবিরের নেতারা উপস্থিত ছিলেন।