ঢাকা: জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া দেশের চলমান রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।
শনিবার (২১ নভেম্বর) ঢাকা মহানগরী উত্তর জামায়াতের কার্যালয়ে গুলশান পূর্ব থানার দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সমাবেশে সভাপতিত্ব করেন গুলশান পূর্ব থানা জামায়াতের আমীর মো. জিল্লুর রহমান।
মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এ সংকট থেকে উত্তরণের অন্যতম পথ হলো জুলাই সনদ বাস্তবায়ন। তাই সরকারকে মুখে ঐক্যের কথা না বলে বাস্তবে জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কারের উদ্যোগ নিতে হবে।
তিনি বলেন, সুযোগ মানুষকে স্বার্থবাদী ও দুর্নীতিগ্রস্ত করে তুলতে পারে। এজন্য মানুষের মধ্যে আল্লাহর প্রতি ঈমান, তার সাহায্য কামনা এবং নৈতিক মূল্যবোধ থাকা জরুরি। দুনিয়ার কোনো কিছুই স্থায়ী নয়। এমপি, মন্ত্রিত্ব কিংবা ক্ষমতা কোনোটিই চিরস্থায়ী নয়। তাই দায়িত্বশীলদের আত্মকেন্দ্রিক না হয়ে সংগঠনের কর্মীদের খোঁজখবর নিতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে এবং সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে হবে।
জামায়াতের এই নেতা বলেন, পতিত স্বৈরাচার ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে এবং দেশের স্থিতিশীলতা বিনষ্ট করছে। এ পরিস্থিতিতে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তিনি আরও বলেন, দেশের চলমান সংকট উত্তরণে জুলাই সনদ বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে বর্তমান সরকারকে দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে হবে।
সেলিম উদ্দিন বলেন, নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় সংগঠনের ঘোষিত ৪০ দিনের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ঢাকা মহানগরী উত্তর জামায়াত আরও ৬০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। দেশের বিরুদ্ধে সব ধরনের ষড়যন্ত্র জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে বলেও মন্তব্য করেন তিনি।