ঢাকা: প্রযুক্তিনির্ভর, উদ্ভাবনমুখী, দক্ষতাভিত্তিক ও কর্মসংস্থান উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেছেন, ‘চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গতানুগতিক শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। শুধু সার্টিফিকেটনির্ভর শিক্ষিত মানুষের সংখ্যা বাড়ালে চলবে না, শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানকে বাস্তব কর্মদক্ষতায় রূপান্তর করতে হবে।’
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুর জাতীয় স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত অধ্যক্ষ সম্মিলন-২০২৬-এ দেওয়া লিখিত বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীরা নিজেদের খাপ খাইয়ে নিতে না পারলে প্রতিবছর সার্টিফিকেটনির্ভর শিক্ষিত মানুষের সংখ্যা বাড়বে, কিন্তু বেকারত্ব কমবে না। একাডেমিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক ও কারিগরি জ্ঞান এবং দক্ষতা অর্জন করতে না পারাই শিক্ষিতদের মধ্যে বেকারত্বের অন্যতম কারণ।’
তিনি বলেন, ‘পৃথিবীর অর্ধেক মানুষ এখনো তৃতীয় শিল্পবিপ্লবের সুবিধা ভোগ করতে পারেনি। অথচ বিশ্ব ইতোমধ্যে চতুর্থ শিল্পবিপ্লবের যুগে প্রবেশ করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিকস, বিগ ডেটা, ইন্টারনেট অব থিংস, ব্লকচেইন, অটোমেশন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, সাইবার নিরাপত্তা এবং পঞ্চম প্রজন্মের ওয়্যারলেস প্রযুক্তির মতো উদ্ভাবন ভবিষ্যতের কর্মজগৎকে আমূল বদলে দিচ্ছে।’
এসব প্রযুক্তির আবিষ্কার একদিকে পুরোনো অনেক পেশার বিলুপ্তি ঘটাচ্ছে, অন্যদিকে কর্মসংস্থানের নতুন ক্ষেত্রও তৈরি করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এই পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রযুক্তিনির্ভর ও কর্মমুখী শিক্ষার দিকে এগিয়ে নিতে হবে।’
শিক্ষার সঙ্গে কর্মক্ষেত্রের সংযোগ তৈরির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘অর্জিত জ্ঞানকে কর্মক্ষেত্রের উপযোগী দক্ষতায় রূপান্তর করাই সাফল্যের মূল চাবিকাঠি। এ কারণে শিক্ষার শক্তিকে কর্মদক্ষতায় রূপান্তরের জন্য ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা অনিবার্য।’
প্রধানমন্ত্রী বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান জ্ঞানের ভিত্তি তৈরি করবে, শিল্পখাত সেই জ্ঞানকে বাস্তব দক্ষতায় রূপান্তর করবে। আর শিক্ষার্থীরা হয়ে উঠবে আগামীর উদ্ভাবক, উদ্যোক্তা ও অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি। শ্রেণিকক্ষ হবে জ্ঞান সৃষ্টি ও উদ্ভাবনের কেন্দ্র, গবেষণাগার হবে নতুন সম্ভাবনা উন্মোচনের ক্ষেত্র এবং শিল্পপ্রতিষ্ঠান হবে অর্জিত জ্ঞানকে বাস্তব দক্ষতায় রূপান্তরের কার্যকর পাঠশালা।’
এ লক্ষ্যে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তাদের কলেজ-বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবে পাঠদানের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে অধ্যক্ষ ও উপাচার্যদের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট এবং হাতে-কলমে কাজ শেখার সুযোগ দিতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘শিক্ষাজীবনেই লক্ষ্যনির্ভর কর্মদক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে পারলে শিক্ষার্থীদের চাকরির জন্য অপেক্ষা করতে হবে না। বরং তারা নিজেরাই উদ্যোক্তা হয়ে অন্যদের জন্য কর্মসংস্থান সৃষ্টির সক্ষমতা অর্জন করতে পারবে।’
প্রধানমন্ত্রী শিক্ষকদের প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিয়ে বলেন, “যুগোপযোগী ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সঙ্গে শিক্ষকদের সম্পর্ক আরও কার্যকর করতে প্রশিক্ষণ জরুরি। প্রচলিত শিক্ষককেন্দ্রিক শিক্ষার পরিবর্তে শিক্ষার্থীকেন্দ্রিক ও গবেষণাভিত্তিক পাঠদান পদ্ধতি চালু করতে প্রয়োজনে ‘ট্রেন দ্য ট্রেইনার’ কর্মসূচি কার্যকর ভূমিকা রাখতে পারে।”
তিনি আরও বলেন, ‘আধুনিক প্রযুক্তিগত দক্ষতার সঙ্গে শিক্ষার্থীদের মানবিক শিক্ষার সমন্বয় ঘটাতে হবে। শিক্ষাকে শুধু চাকরির প্রস্তুতিতে সীমাবদ্ধ রাখলে চলবে না। সাহিত্য, দর্শন, ইতিহাস, বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও সংস্কৃতিচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা, যুক্তিবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকশিত করতে হবে।’
শিক্ষার্থীদের আন্তর্জাতিক কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করতে একাধিক ভাষা শেখার ওপরও জোর দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘ইংরেজির পাশাপাশি আরবি, ম্যান্ডারিন, জাপানি, কোরীয়, ফরাসি, জার্মান, ইতালীয়সহ আন্তর্জাতিকভাবে চাহিদাসম্পন্ন ভাষা শেখার সুযোগ কলেজগুলোতে সৃষ্টি করা জরুরি।’
এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিটি কলেজে ক্যারিয়ার কাউন্সেলিং, ইন্টার্নশিপ, দক্ষতা উন্নয়ন, ভাষা ক্লাব প্রতিষ্ঠা এবং উদ্যোক্তা তৈরির সুযোগ বাড়ানোর আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকদের স্বার্থ সংরক্ষণেও সরকার সচেতন।’ কলেজভিত্তিক শিক্ষকসংকট নিরূপণ, শূন্যপদ পূরণ, প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ ও পদায়ন এবং শিক্ষকদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান তিনি।
বক্তব্যে শিক্ষাপ্রতিষ্ঠানকে দলাদলি, গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিগত স্বার্থের সংঘাতের ঊর্ধ্বে রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘রাজনৈতিক মত ও বিশ্বাসের ভিন্নতা থাকলেও তা যেন শিক্ষার পরিবেশ, পাঠদান কার্যক্রম, প্রশাসনিক শৃঙ্খলা ও শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত না করে।’
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২৩ শতাধিক কলেজের অধ্যক্ষদের অংশগ্রহণের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘একজন অধ্যক্ষ শুধু প্রতিষ্ঠানের প্রশাসনিক প্রধান নন; তিনি প্রতিষ্ঠানের নেতা, নৈতিক দিকনির্দেশক এবং ভবিষ্যৎ প্রজন্ম গড়ার অন্যতম স্থপতি।’
তিনি আরও বলেন, ‘শহর ও গ্রামের সবার জন্য উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে সাবেক প্রধানমন্ত্রী মরহুম খালেদা জিয়া ১৯৯২ সালের ২১ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমানে অধিভুক্ত কলেজের সংখ্যা প্রায় আড়াই হাজার হলেও শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ার পাশাপাশি শিক্ষার মান কতটা বেড়েছে, সেটি এখনো প্রশ্নের ঊর্ধ্বে নয়।
ফ্যাসিবাদী শাসনামলে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, ‘ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে সবাইকে মিলে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। এ জন্য সরকার পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণ করেছে। তবে সেগুলো বাস্তবায়নে কলেজ অধ্যক্ষদের নেতৃত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।’
এ ছাড়া উপযোগী কলেজ ভবনের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপন, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক জনগোষ্ঠী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণে কলেজ কর্তৃপক্ষকে সচেতন থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
শেষে জ্ঞানসমৃদ্ধ, কর্মে আত্মনির্ভরশীল ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ কর্মসূচির সাফল্য কামনা করেন তিনি।