Sunday 29 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৬ ০৯:৩৩

রংপুর: রংপুরে সোমবার (৩০ নভেম্বর) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে রংপুর মহানগর নাগরিক কমিটি।

প্রিপেইড মিটার বাতিল করে পোস্ট পেইড মিটার পুনঃস্থাপন, সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা, বিদ্যুৎ খাতে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ এবং বিদ্যুৎ খাতের বেসরকারিকরণের তৎপরতা বন্ধের চার দফা দাবিতে এই হরতালের ডাক দেওয়া হয়েছে।

রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব পলাশ কান্তি নাগ শনিবার (২৮ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, হরতাল সফল করার লক্ষ্যে এরই মধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের সঙ্গে মতবিনিময়, অফিস-আদালত, দোকানপাট ও শিক্ষাপ্রতিষ্ঠানে লিফলেট বিতরণ, পথসভা, পোস্টারিং এবং মাইকিংয়ের মাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে।

বিজ্ঞাপন

পলাশ কান্তি নাগ বলেন, এই হরতাল কোনো গোষ্ঠী, শ্রেণি কিংবা দলের স্বার্থে নয়। আপামর বিদ্যুৎ গ্রাহকদের স্বার্থে এই হরতাল। তিনি উল্লেখ করেন, রংপুর মহানগর নাগরিক কমিটি বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক ও চিন্তার মানুষদের সমন্বয়ে গঠিত একটি অরাজনৈতিক সংগঠন। “পেশিশক্তি কিংবা জবরদস্তি নয়, জনগণের নৈতিক সমর্থন ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় শান্তিপূর্ণ পরিবেশে আমরা এই হরতাল সফল করতে চাই।

নাগরিক কমিটির এই নেতা অভিযোগ করেন, বিদ্যুৎ বিভাগ একটি সেবামূলক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও সেখানে ন্যূনতম জবাবদিহিতা নেই। তিনি বলেন, জনমতের তোয়াক্কা না করে মুষ্টিমেয় দুর্নীতিবাজ এবং লুটেরাদের স্বার্থে জবরদস্তিমূলক কায়দায় একতরফাভাবে প্রিপেইড মিটার প্রকল্প বাস্তবায়নে তারা মরিয়া হয়ে উঠেছেন। অথচ জনগণ এই প্রিপেইড মিটার চায় না।

পলাশ কান্তি নাগের দাবি অনুযায়ী, পোস্ট পেইড মিটারের তুলনায় প্রিপেইড মিটারে গ্রাহকদের দ্বিগুণ থেকে তিনগুণ বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। তিনি প্রিপেইড মিটারকে ‘জনগণের পকেট কাটার ফাঁদ এবং ভোগান্তির যন্ত্র’ হিসেবে অভিহিত করেন। তিনি জানান, এটি তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রকল্প হলেও এখনো বহাল রয়েছে এবং বর্তমান সরকারও ‘দুর্নীতিবাজ ও লুটেরাদের স্বার্থ রক্ষা করে চলেছে’ বলে তিনি অভিযোগ করেন।

পলাশ কান্তি নাগ দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে হরতাল কর্মসূচি সফল করার আহ্বান জানান। এর আগে ১৮ অক্টোবর রংপুর প্রেসক্লাব চত্বরে এক সংবাদ সম্মেলন থেকে বিদ্যুৎ গ্রাহক ফোরামের পক্ষ থেকে এই অর্ধদিবস হরতালের কর্মসূচি ঘোষণা করা হয়।

বিদ্যুৎ গ্রাহক ফোরাম রংপুর জেলার সদস্য সচিব আহসানুল আরেফিন তিতু বলেন, রংপুর দরিদ্রপীড়িত অঞ্চল। যে আয় তা দিয়ে বর্তমান বাজারে জীবন চালানো দায়। তার ওপর বিদ্যুৎ বিভাগের নানা অপকর্ম, অব্যাহত লোডশেডিং, ভুতুড়ে বিল তার ওপর মরার উপর খাঁড়ার ঘা হিসাবে প্রিপেইড মিটার গ্রাহকদের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছে। এতে জনজীবন ওষ্ঠাগত।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর