Sunday 29 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সুন্দরবনে বেড়েছে দস্যুতা / মুক্তিপণ ও ঋণ আতঙ্কে কাটছে বনজীবীদের জীবন

সাতক্ষীরা থেকে ফিরে ফারহানা নীলা, সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৬ ০৮:০৭ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৬ ০৩:৪৫

সুন্দরবনের ভেতর দিয়ে বয়ে চলা নদী। ছবি: সারাবাংলা

ঢাকা: ’অন্ধাকারির মধ্যি হটাৎ করি গাছের থাকি লাফি পড়ল মাটিত। হাতের মধ্যে ইয়া বড় রামদা। মুখ আর মাথা গামছা দিয়া ঢাকা। আর লুঙ্গি কাঁছা মারা। আমাগোর সবার গলায় রামদা চাপি ধরি কইল, ২ লাখ টাকা নিয়া স্বামীরে নিতে আসবি। তার পর আমাক আর শাশুড়িক ছাড়ি দিয়া আমার স্বামীক নিয়া জঙ্গলত ঢুকি গেল। তারা ৭/৮ জন ছিল’— দম বন্ধ করা বাস্তব এমন ঘটনার বর্ণনা দিচ্ছিলেন উপকূলে বসবাস করা এক নারী।

নাম প্রকাশ না করার শর্তে সারাবাংলার এই প্রতিবেদককে তিনি বলেন, ‘এর পর একেকবার একেক নম্বর থাকি ফোন দিত। কইল পাঁচ দিন সময়। বুধবার গাছের নিচে টাকা রাখবি। স্বামী নিয়া যাবি। পরে সমবায় সমিতি থাকি দুই লাখ টাকা ঋণ নিয়া আমার স্বামীক ছাড়ায়ে লিয়া আসছি।’

বিজ্ঞাপন

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার উপকূলীয় একটি ইউনিয়ন মুন্সিগঞ্জ। সুন্দরবনের কোলঘেঁষা এই জনপদের মানুষের জীবন এমনিতেই প্রকৃতির সঙ্গে নিরন্তর সংগ্রামের। চারদিকে নোনা জলের বিস্তার, তার মাঝে এক ফোঁটা মিষ্টি পানির জন্য হাহাকার। ঘূর্ণিঝড় আর নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে বাস্তুচ্যুত মানুষের সংখ্যাও এখানে কম নয়। তার ওপর সুন্দরবনে ঢুকলে আছে বাঘের ভয়, বিষধর সাপ আর প্রতিকূল আবহাওয়ার ঝুঁকি। এতসব সংকটের ভিড়ে উপকূলবাসীর জীবনযাত্রাকে আরও আতঙ্কিত ও বিপর্যস্ত করে তোলে জলদস্যু ও বনদস্যুদের দৌরাত্ম্য।

সুন্দরবনের ওপর নির্ভরশীল এলাকার দরিদ্র জেলে ও বাওয়ালীরা দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের চাঁদাবাজি ও নির্যাতনে অতিষ্ঠ। পেটের দায়ে নদী বা বনে গেলেই জেলে-বাওয়ালীদের জিম্মি করা হচ্ছে, আদায় করা হচ্ছে মোটা অঙ্কের মুক্তিপণ। ভয় আর আতঙ্কের কারণে অনেক ভুক্তভোগী প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না। নিরাপত্তাহীনতায় ছদ্মনামে নিজেদের কষ্টের কথা বলছেন তারা।

একাধিক দস্যু দল ও ৫-১০ টাকার ‘কার্ড’ বাণিজ্য

স্থানীয় জেলে ও বনজীবীদের সঙ্গে কথা বলে জানা যায়, সুন্দরবনে প্রবেশের ক্ষেত্রে বিভিন্ন জলদস্যু দলের চাঁদা আদায়ের চাপ অস্বাভাবিকভাবে বেড়েছে। তাদের দাবি, পশ্চিম সুন্দরবনে বর্তমানে ৮ থেকে ১০টি সশস্ত্র দল সক্রিয় রয়েছে। বনজীবীদের নির্দিষ্ট সময়ের মধ্যে একাধিক দলের সঙ্গে আর্থিক সমঝোতা করে ‘কার্ড’ সংগ্রহ করতে হচ্ছে। প্রতিটি দলের জন্য অগ্রিম ১৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত চাঁদা দিতে বাধ্য করা হচ্ছে।

সুন্দরবনের জেলেরা সবসময় থাকে দস্যু আতঙ্কে। ছবি: সারাবাংলা

সুন্দরবনের জেলেরা সবসময় থাকে দস্যু আতঙ্কে। ছবি: সারাবাংলা

মাছ ও কাঁকড়া ধরতে সুন্দরবনে প্রবেশের জন্য বন বিভাগের বৈধ পাসের পাশাপাশি দস্যুদের কাছ থেকেও বিশেষ ‘কার্ড’ নিতে হচ্ছে বলে অভিযোগ রয়েছে। ৫ বা ১০ টাকার ব্যাংক নোটকে কার্ড হিসেবে ব্যবহার করছে দস্যুরা। নোটের নম্বর নিজেদের খাতায় লিখে রাখার পর বনে প্রবেশের সময় তা মিলিয়ে দেখা হয়। নম্বর না মিললে, কিংবা কার্ড না থাকলে জেলেদের আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ আদায় করা হয়।

একজন বনজীবী জানান, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সুন্দরবনে দস্যুদের তৎপরতা অনেক বেড়েছে। এ সময়ের পর ১০ থেকে ১২টি নতুন দস্যু বাহিনী গড়ে উঠেছে।

মুক্তিপণ দিয়ে নিঃস্ব হচ্ছে পরিবার

জীবিকার তাগিদে নদী বা সুন্দরবনসংলগ্ন এলাকায় গিয়ে অপহরণের শিকার হওয়া পরিবারগুলোর আতঙ্ক যেন থামছে না। নাম প্রকাশ না করার শর্তে আরেক ভুক্তভোগী নারী সারাবাংলাকে জানান তার পরিবারের দুঃসহ অভিজ্ঞতার কথা। তিনি বলেন, ‘আমার ভাইকে ধরে নিয়ে পাঁচ দিন আটকে রেখেছিল। ছাড়ার জন্য একলাখ টাকা দাবি করে। এত টাকা আমাদের কাছে ছিল না। বাধ্য হয়ে সমবায় সমিতি থেকে ঋণ নিয়ে সেই টাকা দিয়ে ভাইকে ছাড়িয়ে এনেছি। এখন ভাইয়ের চিকিৎসা আর ঋণের কিস্তি দু’টো মিলিয়ে আমাদের পরিবার দিশেহারা।’

অন্য এক নারীর মুখ থেকে জানা যায়, তাদের হাতে দা, রামদা থাকে। আবার একনলা অথবা দুই নলা লম্বা বন্দুকও থাকে। মুক্তিপণের টাকা দিতে দেরি হলে বা কম হলে জিম্মিদের ওপর চালানো হয় শারীরিক নির্যাতন। এতে অনেক জেলে-বাওয়ালী গুরুতর আহত হয়ে বাড়ি ফেরেন। তখন সাময়িকভাবে তাদের আয়-রোজগারও বন্ধ হয়ে যায়।

সীমান্তের ওপার-এপার আর অভিযানের বাস্তবতা

উপকূলীয় এলাকায় দস্যুতা দমনে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, যৌথবাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসন অভিযান চালিয়ে অনেক দস্যুকে আটক করেছে, কেউ কেউ সংঘর্ষে বা অভিযানে ধরা পড়েছে। কিন্তু এই চক্রের শিকড় পুরোপুরি উপড়ে ফেলা কেন কঠিন হচ্ছে, তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন।

এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, অভিযানের চাপ বাড়লে দস্যুদের একটি অংশ সীমান্ত পার হয়ে ওপারে আশ্রয় নেয়। পরিস্থিতি কিছুটা শান্ত হলে বা সুযোগ বুঝে কিছুদিন পর আবার এলাকায় ফিরে আসে। ফলে পুরোপুরি স্বস্তি ফিরছে না সুন্দরবন উপকূলে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাফিউল ইসলাম সারাবাংলাক বলেন, ‘জলদস্যুদের হাতে জেলেরা জিম্মি হলে তাদের পরিবার যদি পুলিশকে জানায়, সেক্ষেত্রে আমরা মুক্তিপণের টাকা আদায়ে ব্যবহৃত মোবাইল নম্বরের মালিককে শনাক্ত করে জড়িতদের আটকের চেষ্টা করি। তবে দুঃখজনক বিষয় হচ্ছে, ওইসব পরিবারের অধিকাংশই আমাদের স্থানীয় পুলিশের কাছে আসেন না। তারা গোপনে জলদস্যুদের সঙ্গে সমঝোতার চেষ্টা করেন। আরেকটা বিষয় হচ্ছে, বিশাল ও দুর্গম বনাঞ্চলে এককভাবে জলদস্যুদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা বেশ চ্যালেঞ্জিং।

কোথা থেকে আসে এত অস্ত্র!

দস্যুতার অন্ধকার জগত ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরা একজনের বক্তব্যে উঠে এসেছে এই চক্রের ভেতরের ভয়াবহ চিত্র। ছোট্ট একটি দোকান দিয়ে ব্যবসা করে সংসার চালাচ্ছেন আপাতত। নিজের পরিচয় গোপন রাখার শর্তে সাবেক ওই জলদস্যু সারাবাংলাকে বলেন, ‘ওদিকে ভারত সীমান্তের ওপার, এদিকে বাংলাদেশ। এই দুই বিস্তীর্ণ এলাকায় দস্যুদের যাতায়াত। এই দুই সীমান্তের মধ্যে অস্ত্রপাচারের লেনদেন হতো। দস্যুদের হাতে এমন সব আধুনিক অস্ত্র দেখা যেত, যা হয়তো স্থানীয় প্রশাসনের কাছেও নেই। কিন্তু এই জীবন ভালো লাগত না। সারাক্ষণ ভয়, পালিয়ে বেড়ানো আর মানুষের অভিশাপ। মাঝে মাঝে গভীর জঙ্গলে বসবাস করতে হতো। ভয়ঙ্কর অন্ধকারে নৌকাতেই রাত কাটাতে হতো। তাই এসব থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিই।’

সুন্দরবনের গহীনে। ছবি: সারাবাংলা

সুন্দরবনের গহীনে। ছবি: সারাবাংলা

এত অস্ত্র কোথায় পাওয়া যেত? এমন প্রশ্নের জবাবে ওই ব্যক্তি বলেন, ‘সে তো আমি বলতে পারব না। তবে শুনেছি, অনেক সময় পুলিশের সঙ্গে জলদস্যুদের বন্দুক যুদ্ধ হতো। তখন তারা পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিতো, অথবা কোনো পুলিশ আহত বা নিহত হলে সেখান থেকে নিয়ে নিতো। আবার সীমান্তপথে চোরাচালান এবং স্থানীয় প্রভাবশালী গডফাদারদের অর্থায়নের মাধ্যমে এসব অস্ত্র সংগ্রহ করে থাকে। তবে সেগুলো মূলত, দস্যু সর্দাররাই জানতেন। আমরা বেশি জানতাম না।’

আক্ষেপ করে সাবেক এই জলদস্যূ বলেন, ‘কোনো তথ্য ফাঁস না করাসহ আর বেশ কিছু শর্তে জলদস্যু দল থেকে স্বাভাবিক জীবনে ফিরে এসে এখন এই ব্যবসা করছি। কিন্তু এই ব্যবসা চালাতে গিয়েও মাসে একটা অংশ আমাকে তুলে দিতে হয় দস্যু সর্দারের হাতে। আবার স্বাভাবিক জীবনে এলেও এলাকাবাসী বিশ্বাস করতে চায় না।’

দস্যুতায় ঝুঁকিতে পড়েছে বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য

জলদস্যুদের দীর্ঘমেয়াদি তৎপরতা শুধু বনজীবীদের জীবিকাকেই হুমকির মুখে ফেলছে না, সুন্দরবনের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্যের জন্যও ঝুঁকি তৈরি করছে। পরিবেশ বিশেষজ্ঞদের আশঙ্কা, নিরাপদ আস্তানা বজায় রাখা এবং অপরাধের প্রমাণ আড়াল করতে দস্যুরা বাঘ, হরিণ, পাথিসহ বিভিন্ন বন্যপ্রাণী শিকার ও পাচারের সঙ্গে জড়িয়ে পড়ছে।

নতুন সরকারের কাছে উপকূলবাসীর প্রত্যাশা

নোনা পানি, মিষ্টি পানির সংকট, বাস্তুচ্যুতি আর বাঘের আতঙ্কের সঙ্গে লড়তে লড়তে ক্লান্ত উপকূলীয় মানুষ এখন দস্যুমুক্ত একটি নিরাপদ জনপদ চান। বাসিন্দাদের মতে, সাময়িক অভিযান নয়; বরং সীমান্ত নজরদারি জোরদার করা, দস্যুদের আশ্রয়দাতা ও অর্থের জোগানদাতাদের চিহ্নিত করা এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

এক জেলে সারাবাংলাকে বলেন, ‘প্রকৃতির সঙ্গে আমরা লড়তে পারি, কিন্তু অস্ত্রের মুখে অসহায় হয়ে পড়েছি। আমাদের নতুন সরকার যদি কঠোর ও স্থায়ী পদক্ষেপ নেয়, তবেই আমরা একটু শান্তিতে নিঃশ্বাস নিতে পারব।’

উপকূলবাসীর একটাই দাবি, দস্যুদের চিরতরে নির্মূল করে এলাকায় স্থায়ী শান্তি ও শৃঙ্খলা ফেরাতে সরকারের জরুরি ও কার্যকর হস্তক্ষেপ। উপকূলের এই প্রান্তিক মানুষেরা এখন তাকিয়ে আছেন বর্তমান সরকার ও প্রশাসনের চূড়ান্ত ও কার্যকর পদক্ষেপের দিকে। যাতে নোনা জলের কষ্টের মাঝে অন্তত জীবনের নিরাপত্তাটুকু তারা ফিরে পান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর