Sunday 29 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ায় জেলা জজের বাসভবন ও গ্রামীণ ব্যাংকের কার্যালয় লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৬ ১১:২৭

কুষ্টিয়া: কুষ্টিয়া জেলা ও দায়রা জজের সরকারি বাসভবন লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। একই রাতে জেলার মিরপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয় লক্ষ্য করেও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে কুষ্টিয়া শহরের মজমপুর এলাকার দাদাপুর সড়কে জেলা ও দায়রা জজ মো. এনায়েত কবীর সরকারের সরকারি বাসভবনে এ হামলার ঘটনা ঘটে।

জেলা জজের নাজির মিজানুর রহমান জানান, রাত দেড়টার দিকে কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে প্রধান সড়ক থেকে সরকারি বাসভবন লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে। ককটেলটি জেলা জজের নিজ কক্ষের সামনে বিকট শব্দে বিস্ফোরিত হয়। ঘটনার সময় বাসভবনের নিরাপত্তায় চারজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছিলেন।

বিজ্ঞাপন

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জেলা জজের সরকারি বাসভবন লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে একই রাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার টিএনটি অফিসের সামনে অবস্থিত গ্রামীণ ব্যাংকের কার্যালয় লক্ষ্য করেও ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায়ও তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগেও কুষ্টিয়া জেলা কারাগারসহ জেলার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনার সঙ্গে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের অগ্রগতি জানা যায়নি।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর