Sunday 29 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘২০২৮ সালে পূর্ণাঙ্গ নতুন শিক্ষাক্রম চালু করবে সরকার’

প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন।

ঢাকা: আগামী ২০২৮ সালের মধ্যে দেশে একটি পূর্ণাঙ্গ ও আধুনিক শিক্ষাক্রম চালু করার লক্ষ্য নিয়ে সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন। তিনি জানান, সময়স্বল্পতার কারণে ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে প্রত্যাশিত সব পরিবর্তন আনা সম্ভব না হলেও আগামী বছর পাঠ্যবইয়ের পরিমার্জন আরও বিস্তৃত করা হবে এবং একই সঙ্গে ২০২৮ সালের পূর্ণাঙ্গ শিক্ষাক্রমের প্রস্তুতি চলবে।

রোববার (২৯ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত ‘কেমন শিক্ষাক্রম চাই’ শীর্ষক এক সুধীজন সংলাপে প্রধান অতিথির বক্তব্যে ড. মাহদী আমিন সরকারের এই পরিকল্পনার কথা তুলে ধরেন।

বিজ্ঞাপন

সংলাপে ড. মাহদী আমিন বলেন, নতুন শিক্ষাক্রম প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, বিশেষজ্ঞ এবং মাঠপর্যায়ে সরাসরি শিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের কেবল সনদ বা বড় ডিগ্রিনির্ভর করে না গড়ে তুলে নৈতিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক, কর্মক্ষম মানুষ এবং উদ্যোক্তা হিসেবে তৈরি করাই নতুন শিক্ষাক্রমের মূল লক্ষ্য।

নির্বাচনি ইশতেহার ও সরকারের শিক্ষা পরিকল্পনার প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের অন্যতম বড় শক্তি হলো জনগণের ম্যান্ডেট। প্রধানমন্ত্রীর নির্বাচনি ইশতেহারে শিক্ষার উন্নয়নে সুনির্দিষ্ট ও বিস্তৃত পরিকল্পনা রয়েছে, যা একদিনে তৈরি হয়নি। বিএনপির ২৭ দফা ও ৩১ দফা এবং এর আগে ২০১৬ সালে খালেদা জিয়ার উপস্থাপিত বিভিন্ন নীতিমালায় শিক্ষার বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। পরবর্তী সময়ে বিভাগ, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আলোচনার মাধ্যমে এসব পরিকল্পনা আরও পরিমার্জন করা হয়েছে। সরকার গঠনের পর প্রধানমন্ত্রী বিশেষজ্ঞ ও মাঠপর্যায়ের অভিজ্ঞদের পরামর্শ নিয়ে এসব নীতি বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন।

২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবই পরিমার্জনের সীমাবদ্ধতা ব্যাখ্যা করে উপদেষ্টা জানান, গত ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর দল গঠন, দেশব্যাপী আলোচনা এবং অংশীজনদের মতামত সংগ্রহের জন্য খুব বেশি সময় পাওয়া যায়নি। নিয়ম অনুযায়ী জানুয়ারিতে বই হাতে পেতে হলে জুলাইয়ের মধ্যে ছাপার কাজ চূড়ান্ত করতে হয়, ফলে মাত্র তিন-চার মাসের মধ্যে সব পরিবর্তন আনা কঠিন ছিল। তবুও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) অধীনে শতাধিক শিক্ষাবিদ একসঙ্গে কাজ করে আগের পাঠ্যবইয়ের ইতিহাস বিকৃতি, ভুল তথ্য ও অসংগতি চিহ্নিত করে প্রয়োজনীয় সংশোধন এনেছেন। এই পরিমার্জন প্রক্রিয়া চলমান থাকবে এবং আগামী শিক্ষাবর্ষে আরও বড় পরিসরে সংযোজন-বিয়োজন করা হবে।

নতুন শিক্ষাক্রমের কাঠামোগত পরিবর্তন ও শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা প্রসঙ্গে ড. মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুলের পোশাক, স্কুলব্যাগ ও দুপুরের খাবার দেওয়ার পরিকল্পনা নিয়ে কাজ করছেন। প্রস্তাবিত নতুন কাঠামোয় চতুর্থ শ্রেণিতে খেলাধুলা ও সংস্কৃতি এবং ষষ্ঠ শ্রেণিতে কারিগরি শিক্ষা ও স্বাস্থ্যসংশ্লিষ্ট বিষয় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। শিক্ষাব্যবস্থায় কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়ার পাশাপাশি তৃতীয় ভাষা শেখা এবং সহশিক্ষা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া শিক্ষার্থীরা যাতে সংসদীয় কার্যক্রম সম্পর্কে বাস্তব ধারণা পেতে পারে, সেজন্য তাদের জাতীয় সংসদের অধিবেশন ও কার্যক্রম দেখার সুযোগ করে দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে।

সংলাপের উদ্দেশ্য সম্পর্কে তিনি উল্লেখ করেন, ২০২৮ সালের শিক্ষাক্রমকে সামনে রেখে বর্তমান শিক্ষাব্যবস্থার ঘাটতিগুলো চিহ্নিত করা এবং প্রয়োজনীয় নীতিগত পরিবর্তন নির্ধারণ করাই এই আয়োজনের মূল লক্ষ্য। সংলাপ থেকে প্রাপ্ত শিক্ষাবিদ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের পরামর্শ নিয়ে একটি সমন্বিত পরিকল্পনা তৈরি করে তা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে।

এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংলাপে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব আবদুল খালেক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিশিষ্ট শিক্ষাবিদ, সাংবাদিক, বুদ্ধিজীবী, চিকিৎসক, প্রকৌশলী ও শিক্ষাক্রম সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর