Sunday 29 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইউএস-বাংলা বিমানের চাকায় আগুন, সরানো হলো যাত্রীদের

উড়োজাহাজের চাকায় ধোঁয়া ও আগুনের সৃষ্টি হয়েছে।

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের সময় ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেদ্দাগামী বিএস-৩৬১ আন্তর্জাতিক ফ্লাইটের উড়োজাহাজের চাকায় ধোঁয়া ও আগুনের সৃষ্টি হয়েছে। এ সময় দ্রুত উড়োজাহাজ থেকে যাত্রীদের নামিয়ে ফ্লাইটের উড্ডয়ন বাতিল করা হয়।

রোববার (২৯ নভেম্বর) বিকাল শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উড়োজাহাজটি এয়ারবাস এ৩৩০ মডেলের। উড্ডয়নের সময় ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দেওয়ার পর ধোঁয়া ও আগুনের সৃষ্টি হয় বলে জানা গেছে। উড়োজাহাজটি ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে উড্ডয়ন করছিল। ফ্লাইটটি ইউএস-বাংলার বিএস-৩৬১।

বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র রিয়াজ উদ্দিন জানান, তারা ঘটনাস্থলে যাচ্ছেন। পরে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবেন।

বিজ্ঞাপন

আগুন লাগায় যাত্রীদের সরানো হচ্ছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সে রোববার বিকাল ৪টা ১০মিনিটে বিএস-৩৬১ ফ্লাইটটি ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে যাত্রার পূর্ব মুহূর্তে উড্ডয়ন বাতিল করে। ইন্সট্রুমেন্ট ইনডিকেশন মিসম্যাচ হওয়ার কারণে ককপিটে যান্ত্রিক ত্রুটির নির্দেশনা আসার সাথে সাথেই পাইলট ইন কমান্ড যাত্রা বাতিলের সিদ্ধান্ত নেয়, এটা এভিয়েশনে একটি স্বাভাবিক ঘটনা। শেষ মূহুর্তে উড্ডয়ন বাতিল করার কারণে রানওয়ে এবং চাকার অতিরিক্ত ঘর্ষণে ধোঁয়ার সৃষ্টি হয়। এয়ারক্রাফটের ইঞ্জিন, চাকা, ল্যান্ডিং গেয়ার বা অন্য কোনো যন্ত্রাংশে আগুন লাগেনি। এয়ারক্রাফটটি সকল প্রসিডিউর মেনে রানওয়ে থেকে পার্কিং এরিয়াতে নিয়ে এসে যাত্রীদের এয়ারক্রাফট থেকে দ্রুত নামানো হয়।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের জিএম-পাবলিক রিলেশনস্ মো. কামরুল ইসলাম বলেন, সকল যাত্রীরা নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে অবস্থান করছে। কিছুক্ষণের মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্সের আরেকটি এয়ারক্রাফট ঐ ফ্লাইটের যাত্রীদের নিয়ে জেদ্দার উদ্দেশ্যে রওনা হবে।

 

 

সারাবাংলা/এমএইচ/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর