শীতের হিমেল হাওয়ায় বাজার ভরে গেছে নানা রকমের তাজা সবুজ শাকে। প্রতিদিনের চেনা ভাজি বা তরকারির বাইরে গিয়ে এসব শাক দিয়ে তৈরি করা যায় দারুণ সব লোভনীয় খাবার। সকালের নাশতা, বিকেলের হালকা নাস্তা কিংবা রাতের খাবার, সব সময়ের জন্যই শাকের তৈরি ভিন্নধর্মী পদ বেশ মানানসই। ঘরোয়া উপকরণ আর হাতের কাছের শাক দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলা যায় এমন কিছু মুখরোচক খাবার।
আসুন জেনে নেই, শাক দিয়ে কীভাবে মজাদার খাবার…
পালংশাক ও কড়াইশুটির স্যুপ
শীতের সন্ধ্যায় গরম গরম স্যুপ খেতে বেশ ভালো লাগে। পালংশাক ও কড়াইশুটির মিশ্রণে তৈরি ক্রিমি স্যুপ স্বাদে যেমন চমৎকার, ঠিক তেমনি পুষ্টিগুণেও ভরপুর। টোস্ট করা পাউরুটি বা গার্লিক ব্রেডের সঙ্গে এটি দারুণ জমে। খুব সহজেই তৈরি করতে পারেন এই স্যুপ।
উপকরণ: দুই কাপ পালংশাক, আধা কাপ কড়াইশুটি, এক টেবিল চামচ রসুন কুচি, আধা কাপ পেঁয়াজ কুচি, এক টেবিল চামচ মাখন, আধা কাপ দুধ, আধা চা চামচ গোলমরিচের গুঁড়া, স্বাদমতো লবণ, এক থেকে দুই কাপ পানি এবং দুই টেবিল চামচ ফ্রেশ ক্রিম।
প্রণালি: প্রথমে পালংশাক ও কড়াইশুটি সামান্য পানি দিয়ে সেদ্ধ করে নিন। ঠান্ডা হলে ব্লেন্ডার দিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন। এবার একটি সসপ্যানে মাখন গরম করে পেঁয়াজ ও রসুন কুচি হালকা সোনালি করে ভেজে নিন। এরপর পালং-মটরের পেস্ট দিয়ে ভালোভাবে নেড়ে নিন। দুধ ও প্রয়োজনমতো পানি মিশিয়ে মাঝারি আঁচে ফুটিয়ে নিন। স্বাদমতো লবণ ও গোলমরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ রান্না করুন। স্যুপ ঘন হয়ে এলে ফ্রেশ ক্রিম মিশিয়ে চুলা বন্ধ করে দিন। বাটিতে ঢেলে ওপর থেকে সামান্য ক্রিম ও গোলমরিচ ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।
পালং-চিজ ব্রেড রোল
স্বাদে নতুনত্ব আনতে ঘরেই তৈরি করে নিতে পারেন পালং-চিজ ব্রেড রোল। পালংশাক ও চিজের মজাদার পুরে তৈরি এই খাবারটি নাশতার জন্য বেশ উপযোগী।
উপকরণ: এক কাপ পালংশাক কুচি, ছয় পিস পাউরুটি, আধা কাপ গ্রেট করা চিজ, একটি কাঁচামরিচ কুচি, এক চা চামচ রসুন কুচি, এক টেবিল চামচ মাখন, স্বাদমতো লবণ এবং সামান্য গোলমরিচের গুঁড়া।
প্রণালি: প্রথমে একটি প্যানে মাখন গরম করে রসুন ও কাঁচামরিচ হালকা ভেজে নিন। এরপর পালংশাক দিয়ে মাঝারি আঁচে নাড়তে থাকুন। শাকের পানি শুকিয়ে এলে লবণ ও গোলমরিচ মিশিয়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করুন। ঠান্ডা হলে গ্রেট করা চিজ মিশিয়ে পুর তৈরি করুন। পাউরুটির চারপাশের শক্ত অংশ কেটে বেলুন দিয়ে হালকা বেলে নিন। মাঝখানে পালং-চিজের পুর দিয়ে রোলের মতো মুড়ে দুই পাশ ভালোভাবে বন্ধ করে দিন। এরপর প্যানে সামান্য মাখন দিয়ে রোলগুলো চারপাশে সোনালি ও মুচমুচে হওয়া পর্যন্ত সেঁকে নিন। গরম গরম টমেটো সসের সঙ্গে পরিবেশন করুন।
পালং-সুজির প্যানকেক
সকালের নাশতা কিংবা বিকালের হালকা খাবার হিসেবে তৈরি করতে পারেন পালং-সুজির প্যানকেক। বাইরে মুচমুচে আর ভেতরে নরম এই খাবারটি তৈরি করাও খুব সহজ।
উপকরণ: এক কাপ সুজি, এক কাপ পালংশাক কুচি, আধা কাপ টকদই, এক চা চামচ আদা কুচি, একটি কাঁচামরিচ কুচি, দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি, স্বাদমতো লবণ, সামান্য তেল এবং প্রয়োজনমতো পানি।
প্রণালি: প্রথমে একটি পাত্রে সুজি, টকদই ও সামান্য পানি দিয়ে ঘন ব্যাটার তৈরি করে ১০ থেকে ১৫ মিনিট ঢেকে রাখুন, যাতে সুজি ভালোভাবে ফুলে ওঠে। এরপর ব্যাটারে পালংশাক, আদা, পেঁয়াজ, কাঁচামরিচ ও লবণ মিশিয়ে নিন। প্রয়োজন হলে অল্প পানি দিয়ে ব্যাটারের ঘনত্ব ঠিক করুন। এরপর নন-স্টিক প্যানে সামান্য তেল ব্রাশ করে এক হাতা ব্যাটার গোল করে ছড়িয়ে দিন। মাঝারি আঁচে এক পাশ সোনালি ও মুচমুচে হলে উল্টে অন্য পাশও ভালোভাবে ভেজে নিন। তৈরি হয়ে গেলে পছন্দের চাটনি, টমেটো সস কিংবা টকদইয়ের সঙ্গে পরিবেশন করুন।
শীতের মিষ্টি রোদ বা সন্ধ্যায় পরিবারের সবার সঙ্গে এমন ভিন্নধর্মী খাবার উপভোগ করলে প্রতিদিনের রুটিনে আসবে নতুন স্বাদ।