ঢাকা: দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আধিপত্যবাদের বিভিন্ন হাতিয়ার এখনো ব্যবহার করা হচ্ছে। তার দাবি, প্রতিবেশী দেশের নীতিনির্ধারকরা অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার কথা বললেও বাস্তবে চাণক্যনীতির মাধ্যমে পেছন থেকে উসকানি দিচ্ছে।
রোববার (২৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সাম্যবাদী দল আয়োজিত কমরেড মোহাম্মদ তোয়াহার ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাম্প্রতিক অস্থিরতা প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা বিভিন্ন সময় দেশে ফিরে আসার কথা বলেছেন এবং তাঁর অনুসারীরা বিভিন্ন স্থানে আগুন ও নাশকতা চালাচ্ছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই দিল্লি দেশটিকে নিজেদের প্রভাব-বলয়ের মধ্যে রাখার চেষ্টা করছে। বাংলাদেশকে চিরস্থায়ী আধিপত্যের মধ্যে নিয়ে গিয়ে করদ রাজ্যে পরিণত করার প্রচেষ্টা এখনো বন্ধ হয়নি ।
স্মরণসভায় কমরেড মোহাম্মদ তোয়াহার স্মৃতিচারণ করে রিজভী জানান, ভাষা আন্দোলনের নেতা গোলাম আর টিপু এবং বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের কাছ থেকে তিনি কমরেড তোয়াহার অনেক গল্প শুনেছেন। রিজভীর ভাষ্য অনুযায়ী, তাঁরা কয়েক বছরের জুনিয়র ছিলেন এবং ডাকসুর তৎকালীন প্রভাবশালী নেতা হিসেবে কমরেড তোয়াহার পূর্ব ও পশ্চিম পাকিস্তান উভয় অংশেই ব্যাপক জনপ্রিয়তা ছিল।
১৯৪৮ সালে বাংলা ভাষার পক্ষে কমরেড তোয়াহার সাহসী ভূমিকার কথা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর মুখের ওপর দাঁড়িয়ে বাংলা ভাষার পক্ষে প্রতিবাদ জানানো সহজ বিষয় ছিল না। পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন শেষ হওয়ার পরপরই রাষ্ট্রের প্রতিষ্ঠাতার সামনে প্রকাশ্যে প্রতিবাদ করা অনেক বড় সাহসের ব্যাপার ছিল, যা কমরেড তোয়াহা দেখিয়েছিলেন।
বামপন্থি রাজনীতির বিভক্তি নিয়েও কথা বলেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, একসময় দেশে একটি মৌলিক রাজনৈতিক রূপান্তরের সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু তাত্ত্বিক ও দর্শনগত বিতর্কের কারণে নেতাদের মধ্যে বিভক্তি তৈরি হয়। নেতাদের মধ্যে ঐক্য থাকলে সে সময়ের রাজনৈতিক পরিস্থিতি ভিন্ন হতে পারত ।
বাংলাদেশের সাম্যবাদী দলের সভাপতি কমরেড হারুন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খান মো. নূরে আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সফুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অনুষ্ঠানে অংশ নেন।