Wednesday 11 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পুলিশ কাজ শুরু করলে সেনাবাহিনী ব্যারাকে ফিরবে: সেনাপ্রধান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৪ ২০:১২

খুলনা: সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, পুলিশ সংগঠিত হয়ে স্বাভাবিকভাবে কাজ শুরু করলে ব্যারাকে ফেরত যাবে সেনাবাহিনী। সবার সহযোগিতায় আমরা দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে চাই।

সোমবার (১২ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে খুলনার শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে সেনা বাহিনীর অস্থায়ী ক্যাম্পে সৈনিকদের ব্রিফ দেওয়ার পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

সেনাপ্রধান বলেন, ‘আমি অনুরোধ করবো সমস্ত রাজনৈতিক দলগুলোকে তারা যেন শান্তিপূর্ণভাবে তাদের কার্যক্রম চালিয়ে যায়, কোনো ধরনের ধ্বংসাত্মক কাজ না করে। আমি নিশ্চিত তারা বুঝবেন জনগণের এখন দাবিটা কী। সবাই যদি আমাদের সাহায্য করে তাহলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত স্বাভাবিক পর্যায়ে আমরা নিয়ে আসতে সক্ষম হব। সেই উদ্দেশ্যে আমরা কাজ করছি।’

বিজ্ঞাপন

থানাগুলোর নিরাপত্তায় সেনাবাহিনী কাজ করেছে জানিয়ে সেনা প্রধান বলেন, ‘এরই মধ্যে দেশের ৯০ শতাংশ থানায় কার্যক্রম শুরু হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ডাকাতির ঘটনার খবরগুলোর ৮০ শতাংশ আতঙ্ক আর ২০ শতাংশ সত্য। মানুষের মধ্যে হানাহানির এই জিনিসটা আস্তে আস্তে কমে আসছে। অতীতেও যখন রাজনীতি ছিল, তখন কিছু রাজনৈতিক সংঘর্ষ হয়েছে, যেটি কাম্য না। আমরা সবাই মিলে এটি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসব। রাজনীতি থাকবে, থাকতেই হবে। সেখানে মানুষ কথা বলবে, মিটিং হবে, মিছিল হবে। কিন্তু এটা যেন ধ্বংসাত্মক পর্যায়ে না যায়, ধ্বংসাত্মক কোনো কার্যকলাপ আমরা চাই না। এটা কখনোই দেশ, জাতির জন্য মঙ্গলজনক না।’

সংখ্যালঘু ইস্যু হয়েছে জানিয়ে সেনা প্রধান বলেন, ‘সারা দেশে ২০টি জেলায় ৩০টি সংখ্যালঘু অপরাধ সংঘটিত হয়েছে, যার অধিকাংশই রাজনৈতিক।’

এ সময় রাজনৈতিক দলগুলোকে ধ্বংসাত্মক কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বানও জানান সেনাপ্রধান।

এর আগে, সেনাপ্রধান খুলনা বিভাগে কর্মরত সেনাবাহিনীর সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পরে খুলনার বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, ডিআইজি, কেএমপি কমিশনারসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

সারাবাংলা/একে
বিজ্ঞাপন

আরো