Thursday 12 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘ভারত কমিটমেন্ট টু ডেমোক্রেসি রক্ষা করেছে না’

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৪ ১৫:৪০

ঢাকা: শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ‘ভারত কমিটমেন্ট টু ডেমোক্রেসি রক্ষা করেছে না’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

দলের স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত দুই নতুন সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও ডা. এজেডএম জাহিদ হোসেনকে নিয়ে জিয়াউর রহমানের কবরে ফুল দেন বিএনপির মহাসচিব।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা দেশে ছেড়ে  পালিয়েছেন। দুর্ভাগ্য আমাদের যে, আজকে পার্র্শ্ববতী দেশ ভারত তাকে আশ্রয় দিয়েছে। সেখান থেকে তিনি আবার বাংলাদেশের ছাত্র-জনতার যে বিপ্লব, সেটাকে নস্যাৎ করবার বিভিন্ন চক্রান্ত শুরু করেছে। এই ব্যক্তিকে(শেখ হাসিনা) এভাবে আশ্রয় দিয়ে ভারত তার যে, কমিটমেন্ট টু ডেমোক্রেসি এটা তারা রক্ষা করেছে বলে আমার মনে হয় না। ভারতের কাছে আমাদের আহ্বান থাকবে, তাকে আইনানুগভাবে বাংলাদেশ সরকারের কাছে তু্লে দেন এবং বিচারের সম্মুখীন হতে দেন।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমরা নির্বাচন নিয়ে আমাদের বক্তব্য আগেও বলেছি, এখনো বলছি যে, এই সরকার হচ্ছে গণঅভ্যুত্থানের পর বিপ্লবের মধ্য দিয়ে অন্তর্বতীকালীন সরকার। তাদের প্রধান কাজ হচ্ছে, এই অবাধ সুষ্ঠু নির্বাচন করে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দেওয়া। তবে আমি যেটা মনে করি, যে জঞ্জাল আওয়ামী লীগ সরকার সৃষ্টি করে গেছে সেটাকে দূর করতে অবশ্যই সময় দরকার।’

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘আমি ৩২ বছর ধরে বিএনপির সদস্য। আমাদের নীতিনির্ধারণী ফোরামে স্থান দেওয়ার জন্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী দিনগুলোতে বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে বাংলাদেশকে ধীরে ধীরে উন্নতির শিখরে নিয়ে যাবে এটাই আমরা আশাবাদ ব্যক্ত করি।’

ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘১৯৭৯ সালে আমি ছাত্র দলের মেম্বার ছিলাম। সেখান আজ অবধি আমি বিএনপিতে কাজ করছি একজন কর্মী হিসেবে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করতে যেয়ে যেসমস্ত নেতা-কর্মী গুম হয়েছে, যারা হারিয়ে গেছে, তাদেরকে আমরা খুঁজে বের করব।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএপির কেন্দ্রীয় নেতা মীর সরাফত আলী সপু, রিয়াজুল ইসলাম রিজু, শামীমুর রহমান শামীম, যুব দলের মোনায়েম মুন্না, নুরুল ইসলাম নয়ন প্রমুখ।

সারাবাংলা/এজেড/এনইউ
বিজ্ঞাপন

আরো