বগুড়া: ছাত্র আন্দোলনে বগুড়ায় রিকশাচালক কমর উদ্দিন নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৮২ জনের নামে হত্যা ও বিস্ফোরক আইনে মামলা হয়েছে। অজ্ঞাত আরও ৩০০ জনকে এ মামলায় আসামি করা হয়েছে।
মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে হত্যার নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত করা হয়েছে। এ ছাড়া মামলায় বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি রাগেবুল আহসান রিপু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহনসহ জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ স্বেচ্ছাসেবকলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) নিহত কমর উদ্দিনের স্ত্রী তহমিনা বেগম বাদী হয়ে বগুড়া সদর থানায় এ মামলা করেন। বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ মামলার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
মামলায় উল্লেখ করা হয়েছে, বগুড়া সদরের চক আকাশতারা গ্রামের বাসিন্দা কমর উদ্দিন পেশায় একজন রিকশাচালক। গত ৪ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের দাবিতে তিনি ছাত্রজনতার আন্দোলনে অংশ নেন। বিকেল ৫টার দিকে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের নির্দেশে অন্য আসামিরা ককটেল বিস্ফেরণ করে এবং আগ্নেয়াস্ত্র নিয়ে আন্দোলকারীদের ওপর হামলা চালায়। এসময় কমর উদ্দিন গুলিতে আহত হন এবং পরে হাসপাতালে মারা যান।