খাগড়াছড়ি: টানা বর্ষণে খাগড়াছড়িতে ফের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আবারও বেড়েছে নদী ও ছড়ার পানি। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর থেকে চেঙ্গী নদী তীরবর্তী নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে।
এতে করে জেলা সদরের বটতলী চাকমা পাড়া, মুসলিমপাড়া, মেহেদীবাগ, কালাডেবা, রুইখই চৌধুরীপাড়া, খবং পুড়িয়াসহ নিম্নাঞ্চলে বসবাসকারী কয়েকশত পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বৃষ্টি অব্যাহত থাকায় আরো পানি বাড়ার শঙ্কা রয়েছে।
এদিকে টানা বর্ষণে পাহাড় ধসের ঝুঁকি দেখা দিয়েছে। খাগড়াছড়ি জেলায় গেল ২৪ ঘণ্টায় ৬৫ মিলি লিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান জানান, বন্যা ও পাহাড় ধসের ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের জন্য খাগড়াছড়ি পৌর এলাকায় ১৮টিসহ পুরো জেলা ৯৮টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।
এর আগে, গত ২ আগস্ট খাগড়াছড়িতে ভয়াবহ প্লাবন হয়েছিল।