সুনামগঞ্জ: সুনামগঞ্জের ইজারাবিহীন ধোপাজান নদী থেকে শত শত নৌকা দিয়ে দিনে দুপুরে বালুপাথর আহরণ করছে স্থানীয় একটি চক্র।
বুধবার (২১ আগস্ট) দুপুরে সুনামগঞ্জের ধোপাজান নদীতে গিয়ে দেখা যায়, পৌর শহরের সাহেববাড়ি ঘাট এলাকায় একপারে নোঙর করা একটি স্টিলের নৌকায় পুলিশ ও ডিবির সদস্যরা বসে আছেন। আর নদীর ওপারে অর্থাৎ সদরগড় এলাকায় ঘাটে বেঁধে রাখা বড় বড় বাল্কহেডগুলো অবৈধ বালুপাথর বোঝাই করছে। এমনকি ইজারাবিহীন এই নদী থেকে ড্রেজার মেশিন লাগিয়ে অবৈধ বালু পাথর উত্তোলন করায় নদী ভাঙনের মুখে পড়েছে কয়েকটি গ্রাম।
সদরগড় এলাকার বাসিন্দা মোবারক মিয়া বলেন, ‘প্রতিনিয়ত অবৈধভাবে ইজারাবিহীন এই নদী থেকে বালুপাথর লুট করে নিয়ে যাচ্ছে প্রভাবশালী একটি চক্র। অথচ প্রশাসনের কোনোও নজরদারি নেই।’

অক্ষয়নগর এলাকার বাসিন্দা কিবরিয়া বলেন, ‘আগে ভাবতাম মনে হয় আওয়ামী লীগের সরকারের লোকজন প্রভাব কাটিয়ে এই নদী থেকে বালু পাথর উত্তোলন করছে সেজন্য পুলিশ কিছু বলছে না। এখন কারা ইজারাবিহীন এই নদী লুট করছে, আশা করি পুলিশ কিংবা জেলা প্রশাসন এই দিকে নজর দিবে।’
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ বলেন, ‘আমরা নদীগুলোতে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করার চেষ্টা করছি। তবে কোনো পুলিশ সদস্য এই কাজের সাথে জড়িত থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সুনামগঞ্জের পুলিশ সুপার এম এন মোর্শেদ বলেন, ‘ইজারাবিহীন নদী থেকে কেউ বালু কিংবা পাথর উত্তোলন করে থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী বলেন, ‘ধোপাজান ইজারাবিহীন নদীতে বালু আহরণ নিষিদ্ধ। কেউ অবৈধ ভাবে বালুপাথর আহরণ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’