ঢাকা: স্বতন্ত্র উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানদের বহালের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন হলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
স্বতন্ত্র মহিলা ভাইস চেয়ারম্যান পদটি ফিরে পাওয়ার জন্য প্রধান উপদেষ্টা ড. ইউনূসের কাছে দাবি জানিয়েছেন স্বতন্ত্র মহিলা ভাইস চেয়ারম্যানরা। তারা বলেছেন, নারী ক্ষমতায়নে পথ আরও মসৃণ করতে স্বতন্ত্র মহিলা ভাইস চেয়ারম্যানের পদটি পুনর্বহালের বিষয়টি বিবেচনা করতে হবে। এ ক্ষেত্রে আইনের কোন জটিলাত দেখা দিলে প্রজ্ঞাপন জারি করে আমাদের কাজ করার সুযোগ দেওয়ার দাবি করেন।
তারা বলেন, আমরা আশাবাদী কর্তৃপক্ষ আমাদের দাবীটি অবশ্যই বিবেচনা করবেন। তবে আমাদের দাবি মেনে না নেয়া হলে, আমরা বিষয়টি নিয়ে আন্দোলন সহ আইনি প্রক্রিয়ায় যেতে বাধ্য হব।
বৃহস্পতিবার (২২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোছা: লায়লা বানু চিরিরবন্দর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান।
সংবাদ সমেম্মলনে লিখিত বক্তব্যে বলা হয়, গত পাঁচ দশকে স্বাধীন বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে নারীর অংশগ্রহণের অগ্রগতি দৃশ্যমান। আজকে বাংলাদেশ যেমন অনুন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের তালিকায় স্থান পেয়েছে, তেমনি নারীর ক্ষমতায়নের সূচকেও এগিয়ে আছে। নারীর ক্ষমতায়নের একটি অন্যতম শর্ত হলো নারীর রাজনৈতিক ক্ষমতায়ন। ২০২২ সালে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের জেন্ডার গ্যাপ সূচকের প্রতিবেদন অনুযায়ী নারীর রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান বিশ্বে এখন নবম। সরকারের গৃহীত বিভিন্ন সময়ে বিভিন্ন নীতি, আইন এবং বেগম রোকেয়াসহ বাংলাদেশের নারী আন্দোলনের দীর্ঘ ধারাবাহিক আন্দোলনের ফলে এ দেশের নারীরা আজ স্থানীয় সরকার থেকে জাতীয় সংসদ সব ক্ষেত্রেই অংশগ্রহণ এবং দায়িত্ব পালন করে চলেছেন। ১৯৯৬ সালে স্থানীয় সরকারের সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের বিধান তৃণমূলের নারীর রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে একটি মাইলফলক সিদ্ধান্ত।
সংবাদ সম্মেলনে বলা হয়,গত ১৭ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রকাশিত গেজেটে মহিলা ভাইস চেয়ারম্যানের পদ অপসারণ করা হয়। আমরা চাই, কোনো শূন্যতা তৈরি না হোক। এই নারী জনপ্রতিনিধিরা কোনো দলের মনোনয়ন নিয়ে নির্বাচন করেন না। বরং স্বতন্ত্রভাবে নির্বাচন করেন। কিন্তু এই স্বতন্ত্র পদটি অপসারণ করায় আমরা যখন পরবর্তীতে নির্বাচন করতে যাবো, তখন বিভিন্ন বাঁধার সম্মুখীন হবো। এতে করে নারী রাজনৈতিক ক্ষমতা বাধাগ্রস্ত হবে। এই পদটি বহাল থাকলে নারীদের জীবনমান উন্নয়নে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে পারবো।