Thursday 12 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মৌলভীবাজারে সাফারী পার্ক, জীববৈচিত্র্যের ওপর প্রভাব জানতে কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২৪ ১৫:৪৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন বন অধিদফতর প্রস্তাবিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক, মৌলভীবাজার (১ম পর্যায়)’ শীর্ষক প্রকল্প এবং জেলার জুড়ী রেঞ্জের লাঠিটিলা সংরক্ষিত বনের জীববৈচিত্র‍্য সংরক্ষণ নিয়ে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (২১ আগস্ট) এক পরিপত্রের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। এ কমিটি বন সংরক্ষণ বিষয়ে সুপারিশমালাসহ প্রতিবেদন দেবে।

কমিটি প্রস্তাবিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক, মৌলভীবাজার (১ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়িত হলে বন, বন্যপ্রাণি ও প্রাকৃতিক জীববৈচিত্র‍্যর ওপর নেতিবাচক প্রভাব পড়বে কি না তা নিরূপণ করবে। এছাড়াও, কমিটি জুড়ী রেঞ্জের লাঠিটিলা সংরক্ষিত বনের বন, বন্যপ্রাণি ও প্রাকৃতিক জীববৈচিত্র‍্য সংরক্ষণের বিষয়ে সুপারিশ করবে। স্থানীয় ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে প্রতিবেদন প্রণয়ন করে ১৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখের মধ্যে মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করবে।

বিজ্ঞাপন

প্রাক্তন প্রধান বন সংরক্ষক ইসতিয়াক উদ্দিন আহমেদকে আহ্বায়ক করে গঠিত কমিটির সদস্যরা হলেন- জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোস্তফা ফিরোজ এবং আরণ্যক ফাউন্ডেশনের প্রাক্তন নির্বাহী পরিচালক ফরিদ উদ্দিন আহমদ। বন অধিদফতরের বন্যপ্রাণি ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ কমিটিতে সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটি প্রয়োজনবোধে সংশ্লিষ্ট যে-কোনো সদসদ্যকে কো-অপ্ট করতে পারবে।

উল্লেখ্য, বন্যপ্রাণি বিশেষজ্ঞ এবং পরিবেশবাদীদের আপত্তি উপেক্ষা করে আলোচ্য প্রকল্পটি গ্রহণের সিদ্ধান্ত হয় যা গত ৯ নভেম্বর ২০২৩ তারিখে একনেক সভায় শর্তসাপেক্ষে অনুমোদন করা হয়। প্রস্তাবিত এ প্রকল্পটি ২০২৪-২৫ সালের এডিপিতে বরাদ্দবিহীন অননুমেদিত প্রকল্প তালিকায় অন্তর্ভুক্ত আছে।

সারাবাংলা/আরএফ/এনইউ
বিজ্ঞাপন

আরো