Thursday 12 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তারেক রহমানের বক্তব্য প্রচারে বাধা নেই: হাইকোর্ট

স্টাফ করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২৪ ১৬:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য-বিবৃতি সব গণমাধ্যমে প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞার বিষয়ে দেওয়া রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচারে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে তারেক রহমানের পক্ষে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল।

পরে কায়সার কামাল সাংবাদিকদের বলেন, ২০১৫ সালে তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আইনজীবী নাসরিন সিদ্দিকী রিট করেন। ওই রিটের শুনানি নিয়ে আদালত রুল জারির পাশাপাশি তারেক রহমানের বক্তব্য প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞা জারি করে।

বিজ্ঞাপন

ওই রিটটি আজ বৃহস্পতিবার আদালতের কার্যতালিকায় আসে। ব্যারিস্টার কায়সার বলেন, আজ রিটকারী আইনজীবী আদালতকে বলেন, তিনি রিটটি আর চালাতে চান না (নন-প্রসিকিউশন করা)। তখন আদালত তার আবেদন গ্রহণ করেন। এর ফলে তারেক রহমানের বক্তব্য প্রচার ও প্রকাশে আর কোনো নিষেধাজ্ঞা রইল না।

এর আগে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৫ সালের ৭ জানুয়ারি তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচারের ওপর নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। একইসঙ্গে রুল জারি করেন। রুলে তারেক রহমানের বক্তব্য প্রকাশ ও প্রচার নিষিদ্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন বিবাদীদের নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়।

ওই রুল শুনানির জন্য আট বছর পর হাইকোর্টে আবেদন জানায় রিটকারী পক্ষ। কিন্তু তারেক রহমানের ঠিকানা ভুল থাকায় নোটিশ সঠিকভাবে জারি হয়নি। এ কারণে ঠিকানা সংশোধন করে ফের আবেদন দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট। ওই নির্দেশনা মোতাবেক তারেক রহমানের ঠিকানা সংশোধন করে নোটিশ জারির নির্দেশ দেন আদালত। এরপরই নোটিশ জারি করা হয়।

সারাবাংলা/কেআইএফ/এনইউ
বিজ্ঞাপন

আরো