Wednesday 11 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বার্নিকাটের ওপর হামলার মামলায় গ্রেফতার সাদেক খান

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২৪ ২১:২৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খানকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৪ আগস্ট) রাজধানীর পশ্চিম নাখালপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির মিডিয়া বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ওবায়দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

২০১৮ সালের ৪ আগস্ট রাতে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের মোহাম্মদপুরের বাসায় নৈশভোজে অংশ নেন যুক্তরাষ্ট্রের তৎকালীন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। নৈশভোজ শেষে তিনি গাড়িতে ওঠার সময় হামলাটি হয়। হামলার পর দায়ের করা এক মামলায় সাদেক খানকে অন্যতম আসামি করা হয়।

বিজ্ঞাপন

সাদেক খান একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে ঢাকা-১৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

১৯৯৭ সালে সাদেক খান অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সর্বকনিষ্ঠ কাউন্সিলর নির্বাচিত হয়ে ২০০১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন। তিনি তৎকালীন ৪৭ নম্বর ওয়ার্ড ও বর্তমান ৩৪ নম্বর ওয়ার্ড থেকে চারবার কাউন্সিলর নির্বাচিত হন। এ ছাড়া তিনি সর্বশ্রেষ্ঠ কাউন্সিলরের পুরস্কারও পেয়েছিলেন। তিনি তখন দু’বার ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেন।

সাদেক খান ১৯৯৬ থেকে ২০১৫ সাল পর্যন্ত মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।

সাদেক খান ১৯৭৩ সালে ঢাকা কলেজ ছাত্রলীগের সদস্য ছিলেন। তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সারাবাংলা/ইউজে/পিটিএম
বিজ্ঞাপন

আরো