Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাবি সাংবাদিক সমিতির নেতৃত্বে মাহি-মোতাহার

ঢাবি করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৪ ২০:১৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) নির্বাচনে সভাপতি পদে বাসসের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মহিউদ্দিন মোজাহিদ (মাহি) ও সাধারণ সম্পাদক পদে জনকণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মোতাহার হোসেন নির্বাচিত হয়েছেন। নির্বাচনে এই দুজনসহ ৯টি পদে নতুন মুখ নিয়ে গঠিত হয়েছে ডুজার নতুন কার্যনির্বাহী কমিটি।

সোমবার (১১ নভেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) সাংবাদিক সমিতির কার্যালয়ে নির্বাচনি কার্যক্রম শেষে প্রধান নির্বাচন কমিশনার ও সমিতির সাবেক সাধারণ সম্পাদক রিয়াদুল করিম নবনির্বাচিত কমিটি ঘোষণা করেন। নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন ডুজার সাবেক সভাপতি মাহবুব রনি ও সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান।

বিজ্ঞাপন

নতুন কার্যনির্বাহী কমিটিতে সহসভাপতি পদে দ্য নিউ নেশন পত্রিকার মো. মনিরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক যুগান্তরের মাহাদী হাসান ও অর্থ সম্পাদক প্রতিদিনের বাংলাদেশের মো. শোয়াইব আহমেদ নির্বাচিত হয়েছেন। দফতর সম্পাদক পদে ডেইলি অবজারভারের তাওসিফুল ইসলাম ও কালবেলার জাফর আলী সমান ভোট পাওয়ায় দুজনে মাস করে দায়িত্বে থাকবেন।

এ ছাড়া কমিটিতে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন দৈনিক কালের কণ্ঠের মনজুর হোসাইন মাহি, আলোকিত বাংলাদেশের লিটন ইসলাম ও ভোরের কাগজের রাফিউজ্জামান লাবিব।

প্রধান নির্বাচন কমিশনার রিয়াদুল করিম নির্বাচিত নেতৃত্বকে ধন্যবাদ জানিয়ে বলেন, স্বৈরাচার সরকার বিগত তিন নির্বাচনে সবাইকে ভোটের অধিকার ক্ষুণ্ন করেছিলো। সেখানে সাংবাদিক সমিতি সবসময় গণতন্ত্রের চর্চা করবে বলে আমরা বিশ্বাস করি। আমাদের দলীয় মতাদর্শ থাকতেই পারে, কিন্তু তা যেন আমাদের লেখনিতে ফুটে না ওঠে। আমি আশা করি, শিক্ষার্থীদের সমস্যা নিয়ে সমিতির সবাই দলমত নির্বিশেষে কাজ করবে।

নবনির্বাচিত ডুজা সভাপতি মহিউদ্দিন মোজাহিদ মাহি কার্যনির্বাহী কমিটিতে নির্বাচিতদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে শিক্ষার্থীদের পক্ষে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

নতুন সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বিভিন্ন পদে নির্বাচিতদের অভিনন্দন জানাই। বলেন, আমরা ঐক্যবদ্ধ হলেই শিক্ষার্থীদের অধিকার ঠিক থাকবে। আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে অনিয়ম, দূর্নীতি কমবে এবং প্রশাসন আরও শিক্ষার্থীদের অধিকার নিয়ে সচেতন হবে।

সারাবাংলা/এআইএন/টিআর
বিজ্ঞাপন

এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল
৪ অক্টোবর ২০২৬ ১৯:১৭

আরো