Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ব্যাটারিচালিত রিকশাচালকদের অবরোধে স্থবির ঢাকা

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২৪ ১১:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে মহাখালী, শেওড়াপাড়া, মোহাম্মদপুর, মিরপুর, গাবতলী ও ডেমরাসহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চালকরা। এতে বিভিন্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষসহ অফিসগামীরা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে এসব এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন অটো রিকশাচালকরা। এ সময় পুলিশ তাদের সরে যেতে বললেও তারা সড়ক ছাড়েননি।

এ প্রসঙ্গে জানতে চাইলে দায়িত্বপালনরত একজন পুলিশ সদস্য জানান, মহাখালী মোড়ে সকাল সাড়ে ৯টার পর ব্যাটারিচালিত রিকশাচালকরা সড়ক অবরোধ করেছেন। প্রায় দেড় থেকে দুই হাজার চালক একসঙ্গে জড়ো হয়েছেন। তবে তারা সবাই রিকশা নিয়ে আসেননি। বেশির ভাগ চালকরাই হেঁটে এসে হঠাৎ অবরোধ শুরু করেন।

বিজ্ঞাপন

সকাল থেকে ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা মহাখালীর প্রধান সড়ক অবরোধ করেন। এতে আটকে আছে অসংখ্য যানবাহন। এতে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন ওই সড়ক দিয়ে যাতায়াত করা মানুষ।

সরেজমিনে দেখা গেছে, রাজধানীর শেওড়াপাড়ার বিভিন্ন মোড়েও আন্দোলন করেছে অটোরিকশা চালকরা। ইব্রাহিমপুর এলাকার পাকার মাথায় সকাল ৯টার দিকে রাস্তা বন্ধ করে দেন তারা। এ সময় তারা বিক্ষোভ করতে থাকে।

গাবতলীর মাজার রোড এবং টেকনিক্যালে সড়ক অবরোধ করে আন্দোলন করছে অটোরিকশা চালকরা। সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ।

এর আগে, মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় তিনদিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। এই আদেশের পর বুধবার (২০ নভেম্বর) রাজধানীর যাত্রাবাড়ীর দয়াগঞ্জ, মিরপুর, কল্যাণপুরসহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা।

সারাবাংলা/ইএইচটি/ইআ/আরএস