ঢাকা: শেখ হাসিনার আমলে যে নিয়মগুলো অলিগার্ক পরিবারগুলোর দীর্ঘমেয়াদি ব্যাংক নিয়ন্ত্রণের সুযোগ বাড়িয়েছিল, বিএনপি তা ফেরত আনছে বলে মন্তব্য করেছেন এনসিপি নেতা ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) হাসনাত আবদুল্লাহ।
রোববার (৪ অক্টোবর) নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
পোস্টে হাসনাত আবদুল্লাহ লিখেন, শেখ হাসিনার শাসনামলে ব্যাংক খাতে প্রভাবশালী গোষ্ঠীকে সুবিধা দিতে পরিচালকদের মেয়াদ বাড়ানো এবং একই পরিবার থেকে একাধিক পরিচালক রাখার সুযোগ তৈরি করা হয়েছিল। ছাত্র-জনতার আন্দোলন-পরবর্তী সময়ে ব্যাংক খাত সংস্কারের অংশ হিসেবে এক পরিবার থেকে সর্বোচ্চ দুজন পরিচালক এবং টানা সর্বোচ্চ ৬ বছর পরিচালকের দায়িত্ব পালনের বিধান করার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সেই সংস্কার বাতিল করে আগের নিয়ম ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তার ভাষ্য, অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে একই পরিবার থেকে তিনজন পরিচালক রাখার সুযোগ এবং পরিচালকদের মেয়াদ ৯ বছর করার প্রক্রিয়া চলছে।
হাসনাত আরও অভিযোগ করেন, ব্যাংক খাত সংস্কারের সঙ্গে যুক্ত তৎকালীন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে সরিয়ে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও একজন ব্যবসায়ীকে নতুন গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে অর্থমন্ত্রীর পদে একজন ব্যবসায়ীকে বসিয়ে খেলাপি ঋণের বিষয়ে জবাবদিহিতা শিথিল করা এবং খেলাপি পরিচালকদের দ্রুত আবার ব্যাংকের পর্ষদে ফেরার সুযোগ তৈরি করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
এনসিপির এই নেতা বলেন, জনগণের আমানতের অর্থে পরিচালিত ব্যাংকিং খাতকে কোনো পরিবার বা গোষ্ঠীর নিয়ন্ত্রণে যেতে দেওয়া উচিত নয়। আওয়ামী লীগের ঘনিষ্ঠ প্রভাবশালী গোষ্ঠীর পরিবর্তে ‘বিএনপি অলিগার্ক’ প্রতিষ্ঠার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।
এ ধরনের উদ্যোগের বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান হাসনাত আবদুল্লাহ।