Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে সংঘর্ষের মধ্যে পড়ে আইনজীবী নিহত

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৪ ১৭:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে সনাতন ধর্মাবলম্বী সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে সংঘর্ষের মধ্যে পড়ে একজন শিক্ষানবীশ আইনজীবী নিহত হয়েছেন। এ সময় আরও কয়েকজন আহত হন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর কোতোয়ালি থানার লালদিঘীর পাড় এলাকায় আদালতের মূল প্রবেশপথের বিপরীতে সড়কে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম আলিফ (৩৫) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। সংঘর্ষে আরও অন্তত ২৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ছয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাকিদের সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ সারাবাংলাকে বলেন, ‘লালদিঘীর পাড়ে সংঘর্ষের মধ্যে পড়ে একজন শিক্ষানবীশ আইনজীবী ‍গুরুতর আহত হন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষে আরও কয়েকজন আহত হয়েছে বলে শুনেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ মোতায়েন আছে।’

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘ইসকনের চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে তার লোকজন তিন-চার ঘণ্টা প্রিজন ভ্যান আটকে রেখেছিল। পরে তাদের সরিয়ে দিয়ে তাকে যখন কারাগারে নেওয়া হলো, তারা আদালত ভবনে ওঠার পথে পুরাতন বাংলাদেশ ব্যাংকের সামনে আমাদের একজন শিক্ষানবীশ আইনজীবীর ওপর আক্রমণ করে।

তিনি আরও বলেন, ‘ওই আইনজীবী একটু অসুস্থ ছিলেন। তিনি হেঁটে বাংলাদেশ ব্যাংক ভবনের সামনে থেকে মুসলিম হাইস্কুলের দিকে পার হচ্ছিলেন। তখন তাকে টেনেহিঁচড়ে রঙ্গম হলের সামনে নিয়ে গিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এটা একটা নৃশংস হত্যাকাণ্ড। আমরা এ ঘটনার বিচার দাবি করছি।’

সারাবাংলা/আরডি/পিটিএম