Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মাশরাফিকে অধিনায়ক করার পরিকল্পনা ছিল সিলেটের

স্পোর্টস ডেস্ক
৩১ জানুয়ারি ২০২৫ ০৯:৫৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গত দুই আসরের মতো এবারও সিলেট স্ট্রাইকার্সের স্কোয়াডে ছিলেন তিনি। তবে স্কোয়াডে থাকলেও শেষ পর্যন্ত বিপিএলে মাঠে নামা হয়নি মাশরাফির। মাশরাফির নেতৃত্বের অভাবটা বেশ ভালোই টের পেয়েছে দল। সব বিভাগেই ব্যর্থ সিলেট টুর্নামেন্ট শেষ করেছে পয়েন্ট তালিকার তলানিতে থেকেই। শেষ ম্যাচ খেলার পর সিলেট কোচ ইমন মাহমুদ বলছেন, মাশরাফিকেই অধিনায়ক করার পরিকল্পনা ছিল তাদের।

মাশরাফির নেতৃত্বেই দুই আসর আগে বিপিএলের ফাইনালে খেলেছিল সিলেট। এবারও তাকে দলে ভিড়িয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। মাশরাফির অধীনেই খেলবে দল, কথা ছিল এমনটাই। তবে ৫ আগস্টের পট পরিবর্তনের পর সাকিবের মতো মাঠে নামতে পারেননি মাশরাফিও। মাশরাফির অনুপস্থিতিতে তাই নতুন অধিনায়ক আরিফের অধীনেই খেলতে হয়েছে সিলেটকে।

বিজ্ঞাপন

ইমন বলছেন, মাশরাফি না থাকার অধিনায়ক বেছে নিতে বেশ বেগ পেতে হয়েছে তাদের, ‘আসলে আমাদের প্রথম টার্গেট ছিল মাশরাফি। কিন্তু সে তৈরি ছিল না। পরে আমরা জাকির হাসানকে চেষ্টা করেছি। সে নিজেই নেতৃত্ব নিতে চায়নি। কাউকে তো জোর করে অধিনায়ক বানানো যায় না। পরে আরিফুলকে অভিজ্ঞ মনে হয়েছে। সব বিপিএলেই সে খেলেছে। এজন্যই তাকে অধিনায়কত্ব দেওয়া হয়। স্কোয়াডের মাঝে সেই সেরা।’

একের পর এক ইনজুরিতে টুর্নামেন্টজুড়েই জর্জরিত ছিল সিলেট। ব্যাটে-বলে একেবারেই ভালো করতে না পারা সিলেট ১২ ম্যাচে মাত্র ২ জয়ে টুর্নামেন্ট শেষ করেছে তলানিতে থেকেই। এবারের বিপিএলটা তাই ভুলে যেতে চান ইমন, ‘আমাদের শুরুটা প্রত্যাশার মধ্যে ছিল। দল গঠন থেকে শুরু করে সব। যাদের ওপর প্রত্যাশা ছিল তাদের পারফরম্যান্স আপ এন্ড ডাউন ছিল। তাদের থেকে ভালো পারফরম্যান্স পেলে ভালো কিছু হতো। পয়েন্ট টেবিলই বলে দেয় কেমন কেটেছে টুর্নামেন্ট। সবাই ভালো কিছু আশা করেছিল। সবাইকে ধন্যবাদ জানাই আমাদের পাশে থাকার জন্য। আমরা প্রত্যাশা পূরণ করতে পারিনি।’

 

সারাবাংলা/এফএম