Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকাসহ পাঁচ জেলায় বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২৫ ১০:২২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সকাল থেকে ঢাকার আকাশ মেঘলা। ১০টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। আবহাওয়া অধিদফতর বলছে, রাজধানী ঢাকাসহ দেশের পাঁচ জেলার আবহাওয়া এমন থাকবে। সেই সঙ্গে কমতে পারে তাপমাত্রা। এদিকে এই বৃষ্টির মধ্যেই দেশের কোথাও কোথাও ঘন কুয়াশায় ঢাকা। যে কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলসহ ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিকে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়েছে।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদফতর বলছে, এই কুয়াশা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। এ সময়ে টাঙ্গাইল ও কিশোরগঞ্জ জেলাসহ ময়মনসিংহ ও সিলেট বিভাগে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে বৃষ্টির প্রবণতা শনিবার থেকে কমে যাবে।

ওই দিনের পূর্বাভাস বলছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। এ সময় সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, সপ্তাহের শুরুতে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে। দু একটা শৈত্যপ্রবাহও রয়েছে আবহাওয়ার পূর্বাভাসে। এদিকে উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

সারাবাংলা/জেআর/এসডব্লিউ