Tuesday 29 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাতক্ষীরায় গাছের সঙ্গে বাসের ধাক্কা, আহত ১৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৫ ১০:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরা: সাতক্ষীরায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগায় দিগন্ত পরিবহনের ১২ জন যাত্রী ও এক হেলপার আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভোর সাড়ে চারটায় সাতক্ষীরা শহরের সার্কিট হাউজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এদিকে দুর্ঘটনার কারণে সাতক্ষীরা-যশোর সড়কে ঘণ্টাব্যাপি যানজটের সৃষ্টি হয়।

আহতরা হলেন- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মাজাট গ্রামের দাউদ আলীর ছেলে আলমগীর হোসেন, একই উপজেলার জয়নগর গ্রামের বাহার আলী তরফদারের ছেলে আব্দুর রউফ, দেবহাটা উপজেলার রামনাথপুর গ্রামের তারক চন্দ্র ঘোষের ছেলে তপন ঘোষ, কালিগঞ্জ উপজেলার বাজারগ্রাম রহিমপুর গ্রামের বাহার আলীর ছেলে রুহুল আমিন, একই উপজেলার নীলকণ্ঠপুর গ্রামের আশরাফ আলী গাজীর ছেলে শাহীনুর রহমান। এছাড়া চায়না ও আব্দুল্লাহ নামে দুইজনের ঠিকানা জানা যায়নি।

বিজ্ঞাপন

পাঁচজনকে সাতক্ষীরা সদর হাসপাতাল ও দুইজনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া ছয়জনকে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন তপন কুমার ঘোষ জানান, তিনি বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে ভারতীয় মেডিকেল ভিসার জন্য জন্য ঢাকার যমুনা পার্কে যান। সেখান থেকে কাজ মিটিয়ে রাতে ঢাকা থেকে নাভারণগামি একটি বাসে যশোরের চাঁচড়ায় নামেন। সেখান থেকে সাতক্ষীরাগামি দিগন্ত পরিবহনে ওঠেন। ঘুমের কারণে নাভারণ ছাড়ার পর চালক বার বার ব্রেক কষছিলেন।

পরিবহনটি বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভোর সাড়ে চারটার দিকে সাতক্ষীরা শহরের সার্কিট হাউজ মোড়ে পৌঁছালে ঘুমের কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে আশা সমিতির পাশে একটি সৃষ্টিফুল গাছের সাথে সজোরে ধাক্কা মারেন। এতে ওই গাছটি পরিবহনের সামনে ঢুকে যায়। পরিবহনটি দুমড়ে মুচড়ে গেলে তিনি ও হেলপারসহ কমপক্ষে ১৩ যাত্রী আহত হন। পরিবহনে ৪০ থেকে ৪৫ জন যাত্রী ছিলো বলে জানান তিনি।

স্থানীয় একটি পত্রিকার ম্যাশিনম্যান শহরের আবু সুরাজ পিন্টু জানান, খবর পেয়ে তিনি তপন ঘোষ, চায়না ও আলমগীরকে উদ্ধার করেন। পরবর্তীতে ফায়ার সিভিল ডিফেন্স ও পুলিশ এসে বাকীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। কম আহতরা স্থানীয় বিভিন্ন ক্লিনিকে নিয়ে যাওয়া হয়েছে।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. আশরাফুল হক জানান, আশঙ্কাজনক হওয়ায় চায়না ও আলমগীরকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে গাছ কেটে যাত্রীদের কের করার সময় সাতক্ষীরা পুলিশ লাইনের কনস্টেবল নায়েব আলী আহত হন।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ শামিনুল হক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনায় কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি।

সারাবাংলা/এনজে