চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারীতে বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আবির হোসেন (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া মুছার দোকান এলাকার জনতা কনভেনশন হলের সামনে চট্টগ্রাম নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবির একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চারিয়া পশ্চিম কুলালপাড়ার বাসিন্দা। তার বাবার নাম বাপ্পি রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন আবির প্রতিবেশীর বিয়ের অনুষ্ঠানে এসে খাবার খেয়ে বাসায় ফেরার জন্য ওই মহাসড়কে গেলে নাজিরহাটমুখী বেপরোয়া গতির অজ্ঞাত একটি গাড়ি তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হয় আবির। পরে আশপাশের লোকজন ছুটে এসে আহত আবিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাজিরহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, সড়ক পার হওয়ার সময় অজ্ঞাত দ্রুতগতির গাড়ির ধাক্কায় কিশোর আবির হোসেনের মৃত্যু হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকালে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।