Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভারতকে সিল মেরে দেয়া হচ্ছে না কেন, প্রশ্ন অলি আহমদের

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৫ ২০:৪৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: ভারতকে সিল মেরে কেন দেয়া হচ্ছে না- অন্তর্বর্তী সরকারের কাছে এ প্রশ্ন রেখেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ।

রোববার (১৬ মার্চ) নগরীর কাজীর দেউড়িতে টাইমস স্কয়ার কনভেনশন হলে চট্টগ্রাম মহানগর এলডিপির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন প্রশ্ন তোলেন।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে অলি আহমদ বলেন, ‘ভারত যখন ভিসা দিচ্ছে না, তখন আমাদের পাসপোর্টের ওপর কেন লিখে দিচ্ছেন না- একসেপ্ট ইন্ডিয়া ? কেউ ইন্ডিয়া যেতে পারবে না, সিল মেরে দেন। চীনের সঙ্গে কথা বলে দেশে দুই-তিনটা বড় বড় হাসপাতাল করেন। চীনে কম টাকায় চিকিৎসার ব্যবস্থা করেন।

বিজ্ঞাপন

কেন আমরা ভারতের মুখাপেক্ষী হবো- এমন প্রশ্ন তুলে তিনি বলেন, ‘ভারত পেঁয়াজ দেয়নি, চাল দেয়নি- আমরা কি না খেয়ে মরে গেছি। পেঁয়াজও আছে, চালও আছে, তাদের গোলামি করার কিছু নেই। আল্লাহর ওপর ভরসা রাখেন।’

অলি আহমদ বলেন, ‘দেশের অবস্থা যেভাবে ভালো মনে করছেন আপনারা, সেভাবে ভালো না। হাসিনা পালানোর আগে গত ১৬ বছরে পরিকল্পিতভাবে এদেশকে পঙ্গু করে দিয়ে গেছেন। তার পরিকল্পনা ছিল, এদেশকে পঙ্গু করে সরাসরি ভারতের কাছে হস্তান্তর করা। বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে হাসিনা সরাসরি জড়িত। ভারতের সৈন্যরা এ হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছিল। এবার আমরা প্রত্যেকটা রাজনৈতিক দল, ছাত্ররা যে আন্দোলন করেছে, আপনারা দেখেছেন, ঢাকায় বিশেষ বিমানে করে ভারতের সৈন্যরা পলায়ন করেছে।’

অলি আহমদ বলেন, ‘ইউনুসকে (ড. মুহাম্মদ ইউনুস) বলব, আপনি সাহসের সাথে আগান। এদেশকে ভারতের দালালমুক্ত করেন। আমাদের বিভিন্ন সার্ভিসের মধ্যে ভারতের দালালরা রয়ে গেছে। যতদিন ভারতের দালালমুক্ত করতে পারবেন না, ততদিন এদেশ এগিয়ে যেতে পারবে না। এভাবে স্থবিরভাবে আমরা বসে থাকতে পারি না। দেশ ধ্বংসের দিকে যেতে পারে না। আমরা ভারতের দালালমুক্ত বাংলাদেশ চাই, সন্ত্রাসী-চাঁদাবাজমুক্ত বাংলাদেশ চাই। প্রশাসন থেকে দালালদের চিরতরে বের করে দেন আর বাকিদের বলেন- তোমরা আছ, সুন্দরভাবে কাজ কর। তাহলে সব সেক্টরে শৃঙ্খলা ফিরে আসবে।’

সারাবাংলা/আরডি/আরএস
বিজ্ঞাপন

আরো