Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এখন জনগণের ইস্যুগুলো নিয়ে কথা বলা উচিত: তারেক রহমান

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২৫ ২১:৪৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি পরিবর্তনের জন্য জনগণ রাজনৈতিক দলগুলোকে সমর্থন দিয়েছে বলেই স্বৈরাচার বিদায় নিতে বাধ্য হয়েছে। এখন জনগণের ইস্যুগুলো নিয়ে কথা বলা উচিত আমাদের, এটাই রাজনীতি। আসুন, জনগণের আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা নিয়ে কাজ করি।

রোববার (২৩ মার্চ) রাজধানীর পুরনো পল্টনে ফারস হোটেলে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘পতিত স্বৈরাচার রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে। প্রথম ধ্বংস করেছে নির্বাচন ব্যবস্থা। তারপর একে একে বিচার বিভাগ, আইন বিভাগ, নির্বাহী বিভাগ— সব বিভাগ তারা ধ্বংস করে দিয়েছে। এসব ঠিক করার জন্য গণতন্ত্রের পক্ষের সকল শক্তি মিলে দুই বছর আগে আমরা রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দিয়েছি। এই ৩১ দফার আলোকে দেশের সব সেক্টরকে মেরামত করতে হবে। দেশের কাঠামো মেরামতের কথা সবার আগে আমরাই বলেছি।’

বিজ্ঞাপন

জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত ইফতার মাহফিল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘বিএনপিকে আওয়ামী শিবিরে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিশেষ করে একটি দল এই চেষ্টাটা করছে। কেন যে করছে সেটা আমার বুঝে আসে না। সবাই বিএনপির বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। বিএনপিকে ছোট করতে চাইছে। তবে বিএনপির দিক থেকে কোনো সংকট নেই। বিএনপি কখনো আওয়ামী লীগকে ছেড়ে দেবে না। বিএনপি আ.লীগের প্রাতিষ্ঠানিক বিচার চায়।’

তিনি বলেন, ‘বিদেশি কিছু এজেন্ট চাচ্ছে- কোনোভাবেই যেন এদেশে শান্তি-শৃঙ্খলা ফিরে না আসে এবং সে ধরনের চেষ্টা তারা করে যাচ্ছে। এ ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে পরিকল্পিতভাবে ফাটল ধরানোর চেষ্টা করা হচ্ছে। এক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়কারী ও ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।

সারাবাংলা/এজেড/এইচআই
বিজ্ঞাপন

টাঙ্গাইলে বাসচাপায় ২ কিশোর নিহত
২৬ সেপ্টেম্বর ২০২৬ ২০:৫১

আরো