Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক / বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অংশীদারিত্ব এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৫ ১৩:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান অর্থনৈতিক অংশীদারিত্ব এগিয়ে নিতে এবং দুই দেশের মধ্যে পারস্পরিক লাভজনক বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছে বিনিয়োগ সম্মেলন উপলক্ষ্যে ঢাকা সফররত বাংলাদেশে যুক্তরাষ্ট্রের শীর্ষ বিনিয়োগকারীদের প্রতিষ্ঠান ‘ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল’ এর একটি প্রতিনিধিদল।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠককালে এমন প্রতিশ্রুতি দেন তারা। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত এবং এক্সেলারেট এনার্জির কৌশলগত উপদেষ্টা পিটার হাস এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

বিজ্ঞাপন

বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করার পাশাপাশি মার্কিন কোম্পানিগুলো একটি ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্কের প্রতি সমর্থন জানিয়েছে, যা একটি শক্তিশালী বাণিজ্যিক ও অর্থনৈতিক অংশীদারিত্বকে উৎসাহিত করবে। বাংলাদেশের বাণিজ্য ভারসাম্যহীনতা দূর এবং আরো মার্কিন বিনিয়োগ আকর্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণে বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে একযোগে কাজ করার প্রস্তাবও দেন তারা। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থনৈতিক সংস্কারকে স্বাগত জানিয়ে তারা বলেন, এটি বাণিজ্য ও অ-শুল্ক বাধা নিরসনে সহায়ক হবে।

বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের উন্নয়নে মার্কিন কোম্পানিগুলোর অবদানের জন্য কৃতজ্ঞতা জানান এবং ব্যবসা পরিচালনার সুবিধা সম্প্রসারণে সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন।

বৈঠকে পিটার হাস বলেন, ‘মার্কিন কোম্পানিগুলোর বাংলাদেশের প্রবৃদ্ধির পেছনে দীর্ঘমেয়াদী অঙ্গীকার রয়েছে-যেটি স্থিতিস্থাপকতা, উদ্যোক্তা মনোভাব এবং দীর্ঘমেয়াদী সমৃদ্ধির ওপর ভিত্তি করে।’

ডিএফসির সাবেক ডেপুটি সিইও এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক সহকারী সচিব নিশা দেশাই বিসওয়াল বাংলাদেশের মার্কিন বিনিয়োগকারীদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে চলমান শুল্ক আলোচনা প্রসঙ্গে বলেন, ‘আমেরিকান কোম্পানিগুলো বাংলাদেশের প্রবৃদ্ধির কেন্দ্রে রয়েছে। আমরা চাই বাংলাদেশ যেন এই আলোচনাগুলোতে নিজেকে কার্যকরভাবে উপস্থাপন করতে পারে।’

প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন মেটা, ভিসা, শেভরন, উবার, মেটলাইফ, মাস্টারকার্ড, বোয়িং এবং ইউএস সোয়াবিন এক্সপোর্ট কাউন্সিলের প্রতিনিধিরা। এক্সেলারেট এনার্জি ইউ.এস চেম্বার অব কমার্সের ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছে।

সারাবাংলা/আরএস
বিজ্ঞাপন

আরো