Monday 16 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রামগতি-বিবির হাট সড়ক: সওজ-পাউবোর সমন্বয়হীনতায় বাড়ছে দুর্ভোগ

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৬ ০৮:৪১

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতি-বিবির হাট আঞ্চলিক সড়কের সাড়ে তিন কিলোমিটার অংশের সংস্কার না হওয়া এবং ব্রিজের নির্মাণকাজ এক বছর ধরে বন্ধ থাকায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সড়কটি। সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এবং পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সমন্বয়হীনতার কারণে বছরের পর বছর ধরে ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয় বাসিন্দারা।

সরেজমিনে দেখা যায়, সাড়ে ছয় কিলোমিটার দৈর্ঘ্যের এ সড়কের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ রামগতি বাজার থেকে কোরেশ বাড়ি সংলগ্ন বেড়িবাঁধ পর্যন্ত। এর মধ্যে মাত্র এক কিলোমিটার অংশ সংস্কার না করায় পুরো সড়কের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। মালি বাড়ি সংলগ্ন ব্রিজের নির্মাণকাজ বন্ধ থাকায় এবং সড়কজুড়ে গর্তের সৃষ্টি হওয়ায় যান চলাচল তো দূরের কথা, সাধারণ পথচারীদের হেঁটে চলাও কঠিন হয়ে পড়েছে। পাশেই মেঘনা নদী থাকায় জোয়ারের সময় চরম প্রাণঝুঁকি তৈরি হয়।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা জানান, বছরের পর বছর সড়কটি সংস্কার না হওয়ায় সিএনজিচালিত অটোরিকশাচালকরা বাড়তি ভাড়া আদায় করছেন। ব্রিজের কাজের জন্য আনা কয়েক টন রড অযত্নে পড়ে থেকে মরিচা ধরে নষ্ট হচ্ছে। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, বিকল হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ।

স্থানীয় বড়খেরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান মাকসুদ মিজান জানান, পাউবোর কাজের অজুহাতে সওজ দীর্ঘ বছর ধরে এই গুরুত্বপূর্ণ অংশের কাজ আটকে রেখেছে।

সড়ক বিভাগের দাবি, নদী ভাঙন ও পানি উন্নয়ন বোর্ডের বাঁধের কাজ শেষ না হওয়ার কারণে তারা সড়কের কাজ এগোতে পারছেন না।

লক্ষ্মীপুর সওজ-এর নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম জানান, ‘পানি উন্নয়ন বোর্ড বাঁধের কাজ শেষ না করা পর্যন্ত ওই অংশে স্থায়ী সংস্কার সম্ভব হচ্ছে না। তবে ব্রিজের কাজ দ্রুত শেষ করা হবে।’

অন্যদিকে, কাজের ধীরগতির কথা স্বীকার করে পাউবোর উপ-সহকারী প্রকৌশলী এ এম এম নঈম জানান, আগের ঠিকাদারি প্রতিষ্ঠানকে বাদ দিয়ে নতুন ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে। বর্ষার কারণে কিছুদিন কাজ বন্ধ থাকলেও বর্তমানে ফের কাজ শুরু হয়েছে।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দীন বলেন, জনভোগান্তি নিরসন ও যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত কাজ সম্পন্ন করতে বলা হবে।

সারাবাংলা/এসআর/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর