নাটোর: নাটোরের দত্তপাড়া এলাকায় তিনটি মাইক্রোবাসে করে এসে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল, শতাধিক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ ও কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।। এদিকে জেলার লালপুরে মশাল মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতাকর্মীরা।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, তিনটি মাইক্রোবাসে করে অন্তত ৩০ জন মুখোশধারী ব্যক্তি দত্তপাড়া এলাকায় আসে। এ সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল করার পাশাপাশি শতাধিক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এবং কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা মাইক্রোবাস নিয়ে ঢাকার দিকে চলে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অন্যদিকে, রোববার (১৫ নভেম্বর) রাতে নাটোরের লালপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের উদ্যোগে মশাল মিছিল ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। মিছিল থেকে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন।
তবে মিছিলের বিষয়ে বিস্তারিত তথ্য এবং গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনার সঙ্গে কোনো পক্ষের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।