Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আবু সাঈদ হত্যা: ২ মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৫ ১৪:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আবু সাঈদ হত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত দুই মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে এ মামলায় চারজনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। বাকি দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, প্রসিকিউটর গাজী এমএইচ তামিম ও আব্দুস সাত্তার পালোয়ান।

বিজ্ঞাপন

কারাগারে পাঠানো আসামিরা হলেন- সাবেক এসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরী আকাশ।

প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, রংপুরে আবু সাঈদ হত্যা মামলায় ২৬ জনের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে। তদন্তও শেষ পর্যায়ে রয়েছে। এ হত্যা মামলায় গ্রেফতার চারজনকে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। তদন্ত শেষ করতে আরও দুই মাস সময় দেওয়া হয়েছে। অর্থাৎ আগামী ১৫ জুন মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এদিন সকালে আবু সাইদ হত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় চার আসামিকে ট্রাইব্যুনালে তোলে পুলিশ। গত ২ মার্চ তাদের ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় আজ তাদের ট্রাইব্যুনালে তোলা হয়।

হত্যাকাণ্ডে সরাসরি যুক্ত ছিলেন সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়। আর ইন্ধন যুগিয়েছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম, ছাত্রলীগকর্মী এমরান চৌধুরী আকাশসহ আরও অনেকে। ওই আসামিদেরও এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন জানায় প্রসিকিউশন।

সারাবাংলা/আরএম/এমপি
বিজ্ঞাপন

আরো