Tuesday 29 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘জনরায় মেনে ফয়জুল করীমকে মেয়র ঘোষণা করুন’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৫ ১৯:৪১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: জনরায় মেনে মুফতি মুহম্মদ ফয়জুল করীমকে বরিশাল সিটি করপোরেশনের মেয়র ঘোষণার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

শনিবার (১৯ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ দাবি জানান।

সৈয়দ রেজাউল করীম বলেন, ‘২০২৩ এর জুনে অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন পতিত ফ্যাসিজমের একটি নিকৃষ্ট মহড়া ছিল। জনরায়কে পদদলিত করতে এবং ভোট জালিয়াতির নগ্ন ও চুড়ান্ত দৃষ্টান্ত স্থাপিত হয়েছিল সেই নির্বাচনে।’

তিনি বলেন, ‘বরিশাল সিটি নির্বাচন একটি স্থানীয় সরকার নির্বাচন হলেও সেই নির্বাচনের ফলাফল জালিয়াতির সঙ্গে পতিত ফ্যাসিবাদের শীর্ষমহলও জড়িত ছিল। তার প্রমাণ পাওয়া গিয়েছিল তৎকালীন প্রধান নির্বাচন কমিশনারের কথায়।’

বিজ্ঞাপন

‘‘একজন প্রার্থীকে রক্তাক্ত করার প্রশ্নে সে বলেছিল, ‘তিনি কি ইন্তেকাল করেছেন?’ কতটা নির্মম ও নৃশংস রসিকতা ছিল। আওয়ামী লীগ সরকারের একটা বীভৎস উদাহরণ রচিত হয়েছিল সেদিন। এখন সময় এসেছে এর প্রতিকার করার’’— বলেন রেজাউল করীম।

তিনি বলেন, ‘সেই নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের প্রতি যেভাবে জনতার আগ্রহ ও উৎসাহ দেখা গেছে এবং নির্বাচনের দিন সকল বুথ থেকে হাতপাখার এজেন্টদের মারধোর করে বের করে একতরফা ভোট জালিয়াতি করার পরও অল্প সময়ে হাতপাখায় যে পরিমাণ ভোট পড়েছে, তাতে এটা স্পষ্ট যে, সেই নির্বাচনে মুফতি সৈয়দ ফয়জুল করীম-ই প্রকৃত বিজয়ী।’

রেজাউল করীম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলন এবং মুফতি সৈয়দ ফয়জুল করীম যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাতে ইনসাফের দাবি ছিল তাকে তার প্রাপ্য অধিকার রাষ্ট্র স্বউদ্যোগে বুঝিয়ে দেবে। কিন্তু, দুঃখজনক বিষয় হল, তা করা হয় নাই। তাই জনতার রায় বাস্তবায়ন করার জন্য পতিত ফ্যাসিবাদের নির্মমতার শিকার ব্যক্তিকেই আদালতে মামলা করতে হল।’

তিনি বলেন ‘আমরা আশা করি, কালবিলম্ব না করে দ্রুততার সঙ্গে আইনি প্রক্রিয়া শেষ করে বরিশাল সিটি করপোরেশনে জনতার রায়ের প্রতি সম্মান রেখে মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমকে মেয়র হিসেবে ঘোষণা করতে হবে।’

সারাবাংলা/এজেড/এমপি
বিজ্ঞাপন

আরো