Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়া-মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৬ ২০:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়া: বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাফিক বোর্ডের উদ্যোগে কুষ্টিয়া ও মেহেরপুর জেলায় সংঘটিত বিভিন্ন সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে মোট ২ কোটি ৮০ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে দুই জেলার সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের মধ্যে মোট ৭০টি চেক বিতরণ করা হয়। এর মধ্যে কুষ্টিয়া জেলার জন্য ৪৮টি চেকের বিপরীতে মোট ১ কোটি ৯৮ লাখ টাকা দেওয়া হয়। এতে আহতদের জন্য ১৩টি চেকে ২৩ লাখ টাকা এবং নিহতদের পরিবারের জন্য ৩৫টি চেকে ১ কোটি ৭৫ লাখ টাকা বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

অন্যদিকে মেহেরপুর জেলার দুর্ঘটনাকবলিতদের জন্য ২২টি চেকের মাধ্যমে মোট ৮২ লাখ টাকা সহায়তা করা হয়। এর মধ্যে আহতদের জন্য ৮টি চেকে ১২ লাখ টাকা এবং নিহতদের পরিবারের জন্য ১৪টি চেকে ৭০ লাখ টাকা দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন। এ সময় কুষ্টিয়া ও মেহেরপুর জেলার বিভিন্ন সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও নিহতদের স্বজনদের হাতে আনুষ্ঠানিকভাবে চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে কুষ্টিয়া জেলা প্রশাসন ও বিআরটিএ, কুষ্টিয়া। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং তাৎক্ষণিক আর্থিক সহায়তা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর