Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রংপুরে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ২৩ হাজার ভোটার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২৬ ১৭:০১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রংপুর জেলার ৬টি সংসদীয় আসনে প্রথমবারের মতো পোস্টাল ব্যালট পদ্ধতিতে ভোট দেবেন ২৩ হাজার ৫৬৭ জন ভোটার। এর মধ্যে প্রবাসী, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী এবং কারাগারে থাকা ভোটাররা রয়েছেন। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ৫ জানুয়ারি পর্যন্ত নিবন্ধন শেষ হয়েছে এবং ডাকযোগে ব্যালট পাঠানোর প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়ে গেছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এই পদ্ধতিতে ভোটাররা ব্যালট পেপার পাওয়ার পর নিজ পছন্দমতো ভোট দিয়ে নিকটস্থ ডাকঘরের মাধ্যমে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ফেরত পাঠাবেন।

বিজ্ঞাপন

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান বলেন, এটি ভোটারদের অংশগ্রহণ বাড়াতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ উদ্যোগ। রংপুর জেলায় মোট ভোটার ২৫ লাখ ৯৯ হাজার ২০২ জন (পুরুষ ১২ লাখ ৯২ হাজার ৮৩৮, নারী ১৩ লাখ ৬ হাজার ৩৩৩, হিজড়া ৩১ জন)। ভোটগ্রহণ হবে ৮৭৩টি কেন্দ্রে ৪ হাজার ৯৮৮টি বুথে।

আসনভিত্তিক পোস্টাল ভোটার ও প্রার্থীদের চিত্র

রংপুর-১ আসন
রংপুর-১ (গঙ্গাচড়া ও রসিক ১-৯ ওয়ার্ড): পোস্টাল ভোটার ৩,২৫৭ জন (মোট ভোটার ৩ লাখ ৭৫ হাজার ২২৭)। প্রার্থী ৬ জন—বিএনপির মোকাররম হোসেন সুজন (ধানের শীষ), জাতীয় পার্টির ব্যারিস্টার মঞ্জুম আলী (লাঙল), জামায়াতের রায়হান সিরাজী (দাঁড়িপাল্লা), বাসদ-মার্কসবাদীর আহসানুল আরেফিন (কাঁচি), ইসলামী আন্দোলনের এটিএম গোলাম মোস্তফা (হাতপাখা), ইসলামিক ফ্রন্টের মো. আনাস (চেয়ার)।

রংপুর-২ আসন
রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ): পোস্টাল ভোটার ৩,১১৬ জন (মোট ভোটার ৩ লাখ ৮০ হাজার ৯২১)। প্রার্থী ৫ জন—জামায়াতের এটিএম আজহারুল ইসলাম (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির আনিছুল ইসলাম মণ্ডল (লাঙল), বিএনপির মোহাম্মদ আলী সরকার (ধানের শীষ), ইসলামী আন্দোলনের আশরাফ আলী (হাতপাখা), জেএসডির আজিজুর রহমান (তারা)।

রংপুর-৩ আসন
রংপুর-৩ (সদর ও রসিক ১০-৩৩ ওয়ার্ড): পোস্টাল ভোটার ৫,২৩০ জন (সর্বোচ্চ, মোট ভোটার ৫ লাখ ৮ হাজার ২২৪)। প্রার্থী ৮ জন—জাতীয় পার্টির জিএম কাদের (লাঙল), বিএনপির সামসুজ্জামান সামু (ধানের শীষ), জামায়াতের মাহবুবার রহমান বেলাল (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলনের আমিরুজ্জামান পিয়াল (হাতপাখা), বাসদের আব্দুল কুদ্দুস (মই), তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র আনোয়ারা ইসলাম রানী (হরিণ), বাসদ-মার্কসবাদীর আনোয়ার হোসেন বাবলু (কাঁচি), স্বতন্ত্র রিটা রহমান (সূর্যমুখী)।

রংপুর-৪ আসন
রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া): পোস্টাল ভোটার ৪,৬৪৩ জন (মোট ভোটার ৫ লাখ ৯ হাজার ৯০৬)। প্রার্থী ৮ জন—বিএনপির এমদাদুল হক ভরসা (ধানের শীষ), জাতীয় পার্টির আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান (লাঙল), এনসিপির আখতার হোসেন (শাপলা কলি), ইসলামী আন্দোলনের জাহিদ হাসান (হাতপাখা), খেলাফত মজলিসের আবু সাহা (রিকশা), বাংলাদেশ কংগ্রেসের উজ্জ্বল চন্দ্র রায় (ডাব), বাসদ-মার্কসবাদীর প্রগতি বর্মণ তমা (কাঁচি), স্বতন্ত্র শাহ্ আলম বাসার (হরিণ)।

রংপুর-৫ আসন
রংপুর-৫ (মিঠাপুকুর): পোস্টাল ভোটার ৪,৪৪৫ জন (মোট ভোটার ৪ লাখ ৬৯ হাজার ১৮৯)। প্রার্থী ১০ জন—জামায়াতের গোলাম রব্বানী (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির এসএম ফখর উজ জামান (লাঙল), বিএনপির গোলাম রব্বানী (ধানের শীষ), ইসলামী আন্দোলনের গোলজার হোসেন (হাতপাখা), নাগরিক ঐক্যের মোফাখখারুল ইসলাম নবাব (কেটলি), সিপিবির আবু হেলাল (কাস্তে), এবি পার্টির আব্দুল বাছেত (ঈগল), বাসদ-মার্কসবাদীর বাবুল আক্তার (কাঁচি), বাংলাদেশ কংগ্রেসের মাহবুবুর রহমান (ডাব)।

রংপুর-৬ আসন
রংপুর-৬ (পীরগঞ্জ): পোস্টাল ভোটার ২,৮৭৬ জন (মোট ভোটার ৩ লাখ ৫৫ হাজার ৭৩৫)। প্রার্থী ৮ জন—বিএনপির সাইফুল ইসলাম (ধানের শীষ), জাতীয় পার্টির নুর আলম মিয়া (লাঙল), জামায়াতের নুরুল আমীন (দাঁড়িপাল্লা), এবি পার্টির ছাদেকুল ইসলাম (ঈগল), ইসলামী আন্দোলনের সুলতান মাহমুদ (হাতপাখা), স্বতন্ত্র আবু জাফর মো. জাহিদ (ঘোড়া), খন্দকার শহিদুল ইসলাম (ফুটবল), তাকিয়া জাহান চৌধুরী (সূর্যমুখী)।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, এই পদ্ধতি ভোটারদের সুবিধা বাড়াবে এবং নির্বাচনের অংশগ্রহণকে আরও ব্যাপক করবে। সারা দেশে পোস্টাল ভোটে নিবন্ধিত ভোটার সংখ্যা লাখ ছাড়িয়েছে, যার মধ্যে প্রবাসীদের অংশ উল্লেখযোগ্য।

বিজ্ঞাপন

ডেঙ্গুতে এক মাসে প্রাণ গেল ১৪৮ জনের
৩০ সেপ্টেম্বর ২০২৬ ২০:২৬

আরো

সম্পর্কিত খবর