Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দুই সপ্তাহ পর সাভার থেকে উদ্ধার মাদরাসার নিখোঁজ ২ ছাত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২৬ ১৪:৩৮

নিখোঁজ থাকার পর উদ্ধার হওয়া দুই মাদরাসা ছাত্রী।

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার একটি আবাসিক মহিলা মাদরাসা থেকে নিখোঁজ হওয়ার দুই সপ্তাহ পর দুই শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৮ জুলাই) দুপুরে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া দুই শিক্ষার্থী সাটুরিয়া উপজেলার জামিয়া জয়নব বিনতে জাহাশ (রা.) সৈয়দা গুলজান বেগম মহিলা মাদরাসার আবাসিক শাখার শিক্ষার্থী। গত ৩ জুলাই দুপুরে তারা ব্যক্তিগত পরিচয় গোপন করে কিছুক্ষণের জন্য বাইরে যাওয়ার কথা বলে মাদরাসা থেকে বের হয়। এরপর তারা আর মাদরাসা কিংবা নিজ বাড়িতে ফিরে না আসায় উদ্বেগের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে গত ৯ জুলাই সাটুরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। জিডির পর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্তের চেষ্টা শুরু করে। পরে শনিবার (১৮ জুলাই) সকালে সাভার এলাকা থেকে দুই শিক্ষার্থীকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ‘তথ্যপ্রযুক্তির সহায়তায় আজ (শনিবার) সকালে সাভার এলাকা থেকে দুই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। তাদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে খুব শিগগিরই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

 

সারাবাংলা/এআর