Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শাহজালাল মাজারে ৩৪ দিনে মিলল সোনাসহ ৭০ লাখ টাকা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২৬ ১৯:৫৬

মাজার থেকে পাওয়া নগদ টাকা।

সিলেট: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্স থেকে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা নগদ পাওয়া গেছে। এ ছাড়া পাওয়া গেছে সোনা, রুপা ও বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা।

শনিবার (১৫ আগস্ট) প্রায় ৩৪ দিন পর মাজারের তিনটি ডেগ ও পাঁচটি দানবাক্স খুলে এসব অর্থ ও সামগ্রী পাওয়া যায়।

শনিবার সকাল সোয়া ১০টার দিকে দানবাক্স ও ডেগের সিলগালা খোলার পর গণনা শুরু হয়। দিনভর গণনা শেষে সন্ধ্যা সোয়া ৬টার দিকে সাংবাদিকদের উপস্থিতিতে হিসাব ঘোষণা করেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

সিসিক প্রশাসক জানান, দানবাক্স ও ডেগ থেকে মোট ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা নগদ পাওয়া গেছে। এ ছাড়া ২ ভরি ১ রতি সোনা এবং ১ ভরি ২ আনা রুপা পাওয়া গেছে।

বিজ্ঞাপন

মাজারের দানবাক্সে বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রাও পাওয়া যায়। এর মধ্যে রয়েছে ইংল্যান্ডের পাউন্ড, ভারত ও পাকিস্তানের রুপি, সৌদি আরবের রিয়াল, মালয়েশিয়ার রিঙ্গিত, মার্কিন ডলার, নেপালি রুপি, ওমানি মুদ্রা, সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, ইরাকি দিনার, তুর্কি লিরা, জাপানি ইয়েন, ভিয়েতনামের ডং, কাতারি রিয়াল, লেবানন ও মিসরের পাউন্ড, ইউরো, বাহরাইনি মুদ্রা এবং কানাডিয়ান ডলার।

এ ছাড়া নজরানা হিসেবে গরু, ছাগল, হাঁস ও মুরগিও পাওয়া গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সিসিক প্রশাসক বলেন, ‘মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে একটি নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সংশ্লিষ্টদের নিয়ে একটি কমিটি কাজ করছে। শিগগিরই নীতিমালা চূড়ান্ত হলে ভবিষ্যতে সেই অনুযায়ী দানবাক্সের অর্থ গণনা ও ব্যবস্থাপনা করা হবে।’

উল্লেখ্য, এর আগে গত ২২ জুন প্রথমবার এবং ১১ জুলাই দ্বিতীয়বার প্রকাশ্যে মাজারের দানবাক্সের অর্থ গণনা করা হয়। দ্বিতীয় দফার ৩৪ দিন পর শনিবার তৃতীয়বারের মতো মাজারের ডেগ ও দানবাক্স খুলে অর্থ-সামগ্রী গণনা করা হলো।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর