Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গড়াই নদীতে বড়শির সুতোয় পেঁচিয়ে জেলের মৃত্যু

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২৬ ২৩:০৮

কুষ্টিয়া: জেলার কুমারখালীর গড়াই নদীতে মাছ ধরতে গিয়ে বড়শির সুতোয় পেঁচিয়ে পানিতে ডুবে পরিমল মণ্ডল (৩৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে কুমারখালী পৌরসভার এম এন বাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পরিমল মণ্ডল খোকসা উপজেলার মোড়াগাছা ইউনিয়নের হিলালপুর গ্রামের মান্য মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভরা বর্ষায় গড়াই নদীতে বর্তমানে তীব্র স্রোত রয়েছে। সোমবার বিকেলে পরিমল টিনের তৈরি একটি ডিঙি নৌকায় করে নদীতে মাছ ধরতে যান। এ সময় লম্বা সুতোয় অসংখ্য বড়শি নদীতে ফেলে মাছ ধরছিলেন তিনি। এক পর্যায়ে তীব্র স্রোতের কারণে তার ডিঙি নৌকাটি উল্টে যায়। এতে বড়শির সুতো তার শরীরে পেঁচিয়ে গেলে তিনি পানিতে ডুবে যান।

বিজ্ঞাপন

বিষয়টি স্থানীয়রা দেখতে পেয়ে দ্রুত নদীতে নেমে তাকে উদ্ধার করেন। পরে পরিমলকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা মান্য মণ্ডল বলেন, ‘বিকেল ৩টার দিকে ডিঙি নৌকায় মাছ ধরতে নদীতে নেমেছিল আমার ছেলে। ফেসবুকে একজনের মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে আসি। এসে দেখি, আমার ছেলে আর বেঁচে নেই।’

বিষয়টি নিশ্চিত করে কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, ‘মাছ ধরার সময় ডিঙি নৌকা উলটে এবং শরীরে বড়শির সুতো পেঁচিয়ে নদীতে ডুবে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নৌ-পুলিশ আইনি ব্যবস্থা নেবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর