Tuesday 27 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টাঙ্গাইলে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩২

জেলা ও দায়রা জজ আদালত, টাঙ্গাইল

টাঙ্গাইল: জেলায় ৭ হাজার ৩৫০ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় মো. মামুন মিয়া (৩৪) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপু‌রে​ সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি মো. মামুন মিয়া শেরপুর জেলার শেরপুর সদর থানার চর মোচারিয়া ইউনিয়নের মুন্সিরচর হরিণধরা গ্রামের মৃত আব্দুল কুদ্দুছের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ও পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি ও সাজা পরোয়ানা জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

টাঙ্গাইলের (পি‌পি) মো. শ‌ফিকুল ইসলাম রিপন জানান, গত ১৯ মে রাতে ময়মন‌সিংহ বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর গোয়েন্দা কার্যালয়ের একটি দল এবং সেনাবাহিনী ও র‍্যাবের সমন্বয়ে একটি যৌথ রেইডিং টিম টাঙ্গাইলের মধুপুর থানাধীন হরিণধরা এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি মোটরসাইকেল থামিয়ে মামুন মিয়াকে আটক করা হয়। পরে তার কাঁধে থাকা ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ১৯টি পলিব্যাগে রাখা মোট ৭ হাজার ৩৫০ পিস ইয়াবা (ওজন ৭৩৫ গ্রাম) উদ্ধার করা হয়। পরবর্তীতে রাসায়নিক পরীক্ষায় এসব ট্যাবলেটে ‘মিথাইল এমফিটামিন’ উপাদানের উপস্থিতি নিশ্চিত হওয়া যায়।

তিনি আরো জানান, ঘটনার পর দিনই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনি বাদী হয়ে মধুপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। মামলা চলাকালীন আদালত মোট সাতজন সাক্ষীর জবানবন্দি ও জেরা গ্রহণ করেন। সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা করে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর