রাজবাড়ী: সদর উপজেলার বরাট ইউনিয়নের একটি পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মোল্লা বাড়ি মসজিদের পেছনের পুকুরে অভিযান চালিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, ওই ব্যক্তি পুকুরে গোসল করতে নেমে আর পানির ওপরে ওঠেননি। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুকুরে উদ্ধার অভিযান শুরু করেন। একপর্যায়ে পানির নিচ থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে পানির নিচ থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, ওই ব্যক্তি টোকাই ও নেশাগ্রস্ত হতে পারেন।
তিনি আরও বলেন, মরদেহ উদ্ধারের পর বিষয়টি রাজবাড়ী সদর থানা পুলিশকে জানানো হয়েছে।